শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের চাংশা এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে রাস্তায় বড়দিনবিরোধী বিক্ষোভ করেন। এ সময় তাঁদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল বড়দিন প্রতিহত করো। চীনের জনগণের বিদেশি উৎসব উদযাপন করা উচিত নয়।
চীনের ওয়েনঝাউ শহরের স্কুলগুলোতে বড়দিনের অনুষ্ঠান উদযাপনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় পত্রিকা গুয়াংমিং ডেইলিতে প্রকাশিত খবরে জানানো হয়, বড়দিনের উৎসব সেখানে বিজাতীয় সংস্কৃতি বলে পরিচিত। এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
চীনে বর্তমানে খ্রিষ্টান সম্প্রদায়ের ছয় কোটি মানুষ রয়েছে। তাদের সংখ্যা দ্রুত বাড়ছে। কমিউনিস্ট পার্টির শাসনাধীন দেশটিতে বড়দিনের অনুষ্ঠান উদযাপনও লক্ষণীয়ভাবে বাড়ছে।
গ্লোবাল টাইমসের খবরে জানানো হয়, চীনের পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর ওয়েনঝাউয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রচুর মানুষ থাকার কারণে এক সময় এই শহরকে ‘চীনের জেরুজালেম’ বলা হতো। আজ এই শহরেই বড়দিনের সব ধরনের আনুষ্ঠানিকতা নিষিদ্ধ ঘোষণা করেছে সেখানকার শিক্ষা বিভাগ।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে জানানো হয়, এর ফলে স্কুলগুলো পশ্চিমা সংস্কৃতির বদলে চীনের নিজস্ব সংস্কৃতির প্রতি বেশি মনোযোগ দিতে পারবে বলে আশা করা হচ্ছে। বড়দিনের উৎসব উদযাপন রেখে শিক্ষার্থীরা যাতে চীনের মহান দার্শনিক কনফুসিয়াসের ওপর নির্মিত তথ্যচিত্র দেখে, এ লক্ষ্যে চীনের মধ্যাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে বড়দিনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়। এর পরই ওই শহরে স্কুলগুলোতে বড়দিন উদযাপনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।