শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো ও এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নৌচলাচলে স্বাধীনতা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারত সফরের শেষ দিন এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর এএফপির।
ওবামা হুঁশিয়ার করেন, ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা না কমালে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো সুযোগই পাবে না বিশ্ব। বারাক ওবামা বলেন, আমি জানি কিছু লোক বিতর্কে জড়িয়ে বলবেন যে উন্নয়নশীল দেশগুলো এবং ভারতের মতো উদীয়মান অর্থনীতির দেশকে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দেওয়া অনুচিত। কারণ এটি শতাব্দীর বেশি সময় ধরে আমাদের প্রবৃদ্ধির শক্তি জোগাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখানে আসল সত্যটা হচ্ছে: চাহিদা বাড়ার প্রয়োজনটাকে সামনে রেখে ভারতের মতো দেশগুলো যদি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে এগিয়ে না আসে, তাহলে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো কার্বন নির্গমন কমিয়েও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো সুযোগ পাবে না।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারসাম্য বজায় রাখতে আঞ্চলিক জোটগুলোকে উজ্জীবিত করতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে আশ্বাস দেন তিনি। ওবামা বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের বৃহত্তর ভূমিকাকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র। সেখানে নৌচলাচলের স্বাধীনতা সমুন্নত রাখাতে এবং বিতর্কিত বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধান করতে হবে।