শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন কংগ্রেসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ তার বক্তব্য রাখার আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানকে অবশ্যই তার পরমাণু কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করতে হবে। কমপক্ষে আগামী ১ দশক ইরানের উচিত তাদের পরমাণু কার্যক্রম বন্ধ রাখা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন ওবামা।
মার্কিন প্রেসিডেন্টের মতে, ইরান যদি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ক্ষমতাধর ৬ রাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি সম্পাদনে আগ্রহী হয়, সেক্ষেত্রে তাদের এ সিদ্ধান্তে আসা উচিত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ওবামা বলেন, এ ধরনের চুক্তিতে উপনীত হওয়ার ক্ষেত্রে এখনও অনেক বাধা-বিপত্তি রয়েছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, গত বছর অন্তর্বর্তী এক চুক্তির বিরোধিতা করে ইরানের ব্যাপারে ভুল করেছিলেন নেতানিয়াহু। ওবামা বলেন, নেতানেয়াহু সব ধরনের অভিযোগ তুলেছিলেন। কিন্তু, এর কোনটাই সত্যি হয়নি। এদিকে সুইজারল্যান্ডে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন। আগামী ৩০শে জুনের মধ্যে চূড়ান্ত পরমাণু চুক্তি সম্পাদনের লক্ষ্য রয়েছে বলে জানা গেছে।