মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৪

টাই পরে কোরিয়াতে এসে উদ্বাস্তু হওয়া বন্ধের দায়িত্ব বাংলাদেশ দূতাবাসের

টাই পরে কোরিয়াতে এসে উদ্বাস্তু হওয়া বন্ধের দায়িত্ব বাংলাদেশ দূতাবাসের

মাঈনুল ইসলাম নাসিম: কোরিয়ান সরকারের এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) স্কিমের আওতায় ২০০৮ সাল হতে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানী হচ্ছে টাইগার ইকোনমিজ কান্ট্রি দক্ষিণ কেরিয়াতে। দেশটিতে বসবাসরত ১৫ হাজার বাংলাদেশীর মাঝে ১৩ হাজারই ইপিএস-এর আওতায় আসা।

গত সাত বছরে এখানে আসা এই ১৩ হাজার বাংলাদেশী ইপিএস কর্মীর মাঝে প্রায় হাজার খানেক বাংলাদেশী চুক্তির শর্ত ভঙ্গ করে যথাসময়ে দেশে ফিরে না গিয়ে শতভাগ মিথ্যা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করায় যার পর নাই বিব্রত খোদ সিউলের বাংলাদেশ দূতাবাস।

ভূয়া এসাইলাম সিক করার প্রবণতা গত বছর তিনেক ধরে চলে আসলেও ইদানিং তা ভাইরাস রুপে সংক্রমিত হওয়ায় দূতাবাসের তরফ থেকে গভীর উদ্বেগের বিষয়টি ৬ অক্টোবর মঙ্গলবার এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন কাউন্সিলর খন্দকার মাসুদুল আলম।

গত বেশ কয়েক বছর সিউলের বাংলাদেশ দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী পেশাদার এই কূটনীতিক জানান, আমাদের ইপিএস কর্মীরা ৪ বছর ১০ মাস কোরিয়াতে কাজ করার পর যথাসময়ে বাংলাদেশে ফিরে যাবেন এমন বন্ড সই দিয়েই ঢাকা থেকে আসেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকেই ফিরে যাচ্ছেন না এবং এখানে মিথ্যা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন।

কাউন্সিলর খন্দকার মাসুদুল আলম আরো জানান, কোরিয়ান সরকার খুব ভালো করেই জানে বাংলাদেশে এখন কোন রাজনৈতিক অস্থিরতা নেই এবং এটি যাতে এসাইলাম ডিপার্টমেন্টও আমলে নেয়, সেজন্য আমাদের বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে কাজ শুরু করেছে। ভূয়া এসাইলাম ইস্যুতে সাম্প্রতিককালে ভিয়েতনাম বিপদে পড়েছে এখানটায় এবং সঙ্গতকারণেই আমরা চাইবো না বাংলাদেশেরও একই পরিণতি হোক।

কোরিয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ন এই শ্রমবাজারে বাংলাদেশ যাতে টিকে থাকে সেজন্য সিউলের বাংলাদেশ দূতাবাস আরো আগে কেন নড়েচড়ে বসলো না, জানতে চাইলে কাউন্সিলর জানান, আমরা বিগত বেশ কিছুদিন ধরেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। তবে এখন দূতাবাসের চেষ্টা থাকবে যাতে এখানকার এসাইলাম ডিপার্টমেন্ট বাংলাদেশকে অফিসিয়ালি সেইফ কান্ট্রি হিসেবে কাউন্ট করে।

উল্লেখ করা যেতে পারে, থাকা-খাওয়া ফ্রি’র পাশাপাশি মাসে ১৫শ’ থেকে ১৭শ’ ইউএস ডলার বেতনে কোরিয়াতে ৪ বছর ১০ মাসের কাজের কন্ট্রাক্টে আসা বাংলাদেশীরা যথাসময়ে ফিরে না যাবার পরিণতিতে দেশটিতে হুমকির মুখে এখন বাংলাদেশের শ্রমবাজার। ইপিএস স্কিম থেকে বাংলাদেশকে সাময়িকভাবে সাসপেন্ড করার সম্ভাবনাও প্রবল হচ্ছে দিনকে দিন।

প্রথা মোতাবেক টাই-কোট এবং ইপিএস ক্যাপ পরিধান করে বাংলাদেশ ছেড়ে আসা কর্মীরা মাসে গড়পড়তায় ১৫শ’ ডলার বা আরো বেশি সঞ্চয় করার পরও মাত্র ১ থেকে দেড়শ’ ডলার বেশি বেতনের লোভে একাধিকবার কোম্পানি পরিবর্তন করায় সৃষ্টি হয়েছে এই সংকট।

অথচ ইপিএস-এর বিধি মোতাবেক একই মালিকের অধীনে টানা কাজ করে বাংলাদেশে ফেরত গেলে মাত্র ৩ মাসের কম সময়ে পুনরায় কোরিয়াতে ফেরা যায়। একাধিকবার মালিক পরিবর্তন করলেও পুনরায় কোরিয়াতে ব্যাক করার সুযোগ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে ইপিএস রুল মেনে আবার স্কিল টেস্টে উত্তীর্ণ হওয়া সহ বাধ্যতামূলক জটিলতায় বছর পেরিয়ে যায়।

মাসে ১৫শ’ ডলার সঞ্চয় করা ঐ লোভাতুর বাংলাদেশীরা বারে বারে কোম্পানি পরিবর্তন করার পর স্বল্প সময়ে পুনরায় কোরিয়াতে ফিরে আসার অনিশ্চয়তা আঁচ করতে পেরে কোরিয়ান এসাইলাম ডিপার্টমেন্টে গিয়ে চতুরতার সাথে একেকজন নিজেকে পরিচয় দিয়েছে বাংলাদেশে থাকাকালীন বিএনপি-জামায়াতের ক্যাডার হিসেবে।

কাউন্সিলর খন্দকার মাসুদুল আলমের মতে, এসাইলাম ডিপার্টমেন্ট সবকিছু জানে বলেই তাদেরকে স্থায়ী রিফিউজি স্টেটাস না দিয়ে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ৬ মাস ৬ মাস করে জি-ওয়ান ভিসা ইস্যূ করছে। কাউন্সিলর খন্দকার মাসুদুল আলম জোর দিয়ে বলেন, ৬ মাস করে সর্বোচ্চ ৪ বার জি-ওয়ান ভিসা দেয়ার পর যদিও আর কোন পথ খোলা নেই তথাপি বাংলাদেশ দূতাবাস মিথ্যা রাজনৈতিক আশ্রয়ের হিড়িক বন্ধে প্রয়োজনীয় যা যা করার সবই করতে বদ্ধপরিকর।

যেসব মুখচেনা বাংলাদেশী দালালরা মোটা অংকের অর্থের বিনিময়ে বাংলাদেশী ইপিএস কর্মীদেরকে ভূয়া এসাইলামের পথ বাতলে দিচ্ছে, তাদের ব্যাপারে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে দূতাবাসকে সহযোগিতা করারও আহবান জানিয়েছেন তিনি।

এদিকে রাজধানী সিউল সহ বিভিন্ন শহরের সচেতন বাংলাদেশীদের ভাষ্য, দেশে থাকাকালীন কোন রাজনৈতিক সমস্যা ছিল না বলেই যেহেতু লোকজন টাই-কোট-ক্যাপ পরে কোরিয়াতে আসে কাজের জন্য, তাই ব্যক্তিস্বার্থে উদ্বাস্তু সেজে যাতে কেউ স্বদেশের বারোটা না বাজায়, সেটা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ দূতাবাসের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026