মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৬

মিয়ানমারের খনিতে ভূমিধ্বসে নিহত ৯০: নিখোঁজ বহু মানুষ

মিয়ানমারের খনিতে ভূমিধ্বসে নিহত ৯০: নিখোঁজ বহু মানুষ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মিয়ানমারের উত্তরাঞ্চলে মূল্যবান জেড পাথরের খনিতে ভূমিধ্বসের ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ৯০ জন। মিয়ানমারের কাচিন প্রদেশের হপাকান্তে এ দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বিবিসি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  নিখোঁজ রয়েছে বিপুল সংখ্যক মানুষ। বাতিল মালামালের বিশাল স্তুপ পড়ে গেলে বহু মানুষ চাপা পড়ে। নিহত অনেকেই আশেপাশে বসবাসরত মানুষ। দেশটিতে গতবছর উৎপাদিত জেড পাথরের মূল্য প্রায় ৩১০০ কোটি ডলার সমমূল্যের! যদিও এ বিপুল পরিমাণ অর্থ দেশটির সাধারণ মানুষ বা প্রদেশ সরকারের অর্থভারে যায় না। খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্যাতন, অস্বাস্থ্যকর পরিবেশ ও ভূমি দখলের অভিযোগ আনে স্থানীয়রা।

খবরে বলা হয়েছে, তারা এ সমস্ত বাতিল মালামালের স্তুপের মধ্যে জেড পাথর খুঁজে বেড়াতেন। কাচিন প্রদেশে বিশ্বের সেরা জেড পাথর পাওয়া যায়। স্থানীয় সময় রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মিয়ানমার রেড ক্রস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় সম্প্রদায় বড় ধরণের উদ্ধারাভিযান পরিচালনা করছে। অনেকে চেষ্টা করছেন মাটির ভেতর থেকে মানুষকে বের করে আনতে।

রাষ্ট্রায়ত্ত পত্রিকা গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, ভূমিধ্বসের ঘটনার সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন। বার্তাসংস্থা এএফপি’কে স্থানীয় কর্মকর্তা নিলার মাইয়িন্ট বলেন, আমরা মৃতদেহ দেখছি। কেউ জানে না কত মানুষ এখানে থাকতো।

তিনি জানান, এখন পর্যন্ত মাত্র এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু পরে তিনি মারা যান। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারাভিযানে বিঘ্ন ঘটছে। এখন পর্যন্ত এটি পরিষ্কার নয় ঠিক কি কারণে বাতিল মালামালের স্তুপ ধ্বসে পড়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026