শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মার্কিন গুপ্ত নজরদারির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনের মার্কিন যুক্তরাষ্ট্র পাসপোর্ট বাতিল করে দেওয়ায় আগামী তিন দিন মস্কোর শেরেমেটিএভো বিমান বন্দর ছেড়ে যেতে পারবেন না তিনি। গত শনিবার তার পাসপোর্ট বাতিল করে দেয় আমেরিকা। এ ছাড়া, কোনো বৈধ পাসপোর্ট না থাকায় মস্কোর শেরেমেটিএভো বিমান বন্দরের ট্রানজিট এলাকায় অনির্দিষ্টকালের জন্য আটকা পড়ে যেতেন পারেন বলেও ‘রাশিয়া টুডে'(আরটি) নিউজ চ্যানেল আশংকা ব্যক্ত করেছে।
শেরেমেটিএভো বিমান বন্দরের ট্রান্সফার ডেস্কের অ্যারোফ্লোতের প্রতিনিধি জানিয়েছেন, বুধবার স্নোডেন সফর করবেন না এবং আগামী তিন দিনও সফর করবেন না তিনি। এদিকে, পাসপোর্ট বাতিল করায় ভ্রমণের কোনো বৈধ কাগজ-পত্র নেই স্নোডেনের কাছে। স্নোডেনের সঙ্গে সম্পর্কিত একটি সূত্র রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে এ কথা জানিয়েছে। এ সূত্রটি আরো জানিয়েছে, ‘স্নোডেনের মার্কিন পাসপোর্ট বাতিল হয়ে গেছে; নিজের পরিচয় প্রমাণ করার মতো আরো কোনো কাগজপত্র তার কাছে নেই। ফলে তাকে শেরেমেটিএভো বিমান বন্দরের ট্রানজিট জোনে থাকতে হচ্ছে; তিনি টিকেট কিনতে বা রাশিয়া ত্যাগ করতে পারছেন না’। এদিকে, অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ আরটিকে বলেছেন, ‘ইকুয়েডরের সরকার স্নোডেনকে শরণার্থীর বিশেষ কাগজপত্র দিয়েছিল; তা দিয়েই রাশিয়া পর্যন্ত সফর করেছেন শ্নোডেন।’ অবশ্য এখনো এ সব কাগজপত্র দিয়ে তিনি সফর অব্যাহত রাখতে পারবেন কিনা সে বিষয়ে পরিষ্কার ভাবে কিছু জানা সম্ভব হয়নি। এদিকে, উইকিলিকসের পক্ষ থেকে আজ(বুধবার) টুইটারে দেয়া বার্তায় বলা হয়েছে, স্নোডেনের পাসপোর্ট বাতিল করায় এবং সম্ভাব্য ভ্রমণ পথের অন্তর্বর্তী দেশগুলোকে আমেরিকার পক্ষ থেকে হুমকি দেয়ায় শেষ পর্যন্ত তাকে হয়ত স্থায়ী ভাবেই রাশিয়াই থেকে যেতে হতে পারে। ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয়ের জন্য এরই মধ্যে আবেদন করেছেন স্নোডেন। লাতিন আমেরিকার এ দেশটিতে যাওয়ার জন্য তাকে কিউবা এবং ভেনিজুয়েলা হয়ে যেতে হবে। এদিকে, ভেনিজুয়েলার এরই মধ্যে ঘোষণা করেছে আনুষ্ঠানিক আবেদন পেলে স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়া বিষয়টি বিবেচনা করবে কারাকাস। এছাড়া কাকতালীয় ভাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস ম্যাদুরোর আগামী সপ্তাহে জরুরি শীর্ষ সম্মেলনের জন্য মস্কো যাওয়ার কথা রয়েছে। অবশ্য, মস্কো ভিত্তিক কয়েক ডজন সাংবাদিক গত রোববার থেকে শেরেমেটিএভো বিমান বন্দরে প্রায় ওত পেতে বসে আছেন। কিন্তু এ সত্ত্বেও মস্কোয় স্নোডেনের একটি ছবিও এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। এদিকে, শেরেমেটিএভো বিমান বন্দরের টার্মিনাল –ই’এর এয়ার এক্সপ্রেস ক্যাপসুল হোটেলের এক রিসেপশনিস্ট রুশ সংবাদ সংস্থা আরআইএ-নভোস্তিকে বলেছেন, এ হোটেলের একটি সুইটে কয়েক ঘণ্টা ছিলেন স্নোডেন। কিন্তু অনেক আগেই তিনি এ সুইট ছেড়ে চলে গেছেন বলে দাবি করেছেন তিনি। এ হোটেল কর্মীটি আরো জানান, হোটেলে থাকার সময় অনেক সাংবাদিক স্নোডেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হতে পারেননি। এদিকে, মনে করা হচ্ছে, শেরেমেটিএভোবিমান বন্দরের ট্রানজিট জোনের অজ্ঞাত পরিচয় কোনো স্থানে স্নোডেন রয়েছেন; জিজ্ঞাসাবাদের জন্য হয়ত রুশ নিরাপত্তা বাহিনী সেখানে তাকে আটকে রেখেছে।
Leave a Reply