শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: সৌদি আরবের সিনিয়র সাংবাদিক জামাল খাসোগজিকে অপহরণ ও তাকে হত্যার জন্যে সন্ত্রাসীদের নির্দেশ দেয়ার জন্যে বিন সালমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। -আল-আরাবি.ইউকে
‘সৌদি ক্রাউনপ্রিন্স বিন সালমান এ বার্তা পড়েছেন‘। ওয়াশিংটন ডিসি’র একটি আদালত থেকে তাকে এ বার্তা পাঠানো হয়। ওয়াশিংটনের আদালত আরো ৯ সৌদি নাগরিককে তলব করেছে যাদের মধ্যে রয়েছেন বদর আল-আসকার, সৌদ আল-কাতাইনি ও আহমেদ আসিরি যারা বিন সালমানের অত্যন্ত ঘনিষ্ট।
মার্কিন আদালতে এ মামলা করেছেন সাবেক শীর্ষ সৌদি নিরাপত্তা কর্মকর্তা ড. সাদ আল-জাবরি। তিনি আদালতে অভিযোগ করেছেন বিন সালমান তাকেও হত্যার জন্যে কানাডা ও যুক্তরাষ্ট্রে ঘাতক দল পাঠিয়েছিলেন। আল-জাবরি সৌদি রাজকীয় পরিবারের সাবেক উপদেষ্টা ছিলেন।
গত ২২ সেপ্টেম্বর সৌদি ক্রাউন প্রিন্স হোয়াটসঅ্যাপে মার্কিন আদালতের এ সমন বার্তা পেলেও এ ব্যাপারে কোনো সাড়া দেননি। মার্কিন আদালতের ফরেনসিক তদন্ত কর্মকর্তা থমাস মাস্টার্স নিশ্চিত করেছেন বিন সালমান হোয়াটসঅ্যাপে পাঠানো ওই বার্তা রিসিভ করেছেন।
থমাস আরো জানান, আদালতের সমন বিন সালমানের পক্ষে কাজ করে এমন প্রতিষ্ঠান এমআইএসকে ফাউন্ডেশনও পেয়েছে। সৌদি আরবের স্থানীয় সময় ওইদিন বিকেল ৪টা ৫ মিনিটে বার্তাটি পাঠানো হয় এবং এর কুড়ি মিনিট পর বিন সালমান তা পড়েন।