শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই প্রায় ডজনখানেক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে হবে। শনিবার তার একজন শীর্ষ সহযোগী এ খবর জানান। এএফপি
বাইডেনের অভিষেককে ঘিরে সহিংসতার আশঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ওয়াশিংটন ডিসি কার্যত সমরাঙ্গনে রূপ নিয়েছে। এখানেই বুধবার দুপুরে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এদিকে এ উপলক্ষে নেওয়া ব্যাপক কড়াকড়ির মধ্যেই কর্তৃপক্ষ চেকপয়েন্টে সশস্ত্র এক ব্যক্তিকে আটকের খবর জানিয়েছে। তার কাছে গুলিভরা হ্যান্ডগান এবং গোলাবারুদ পাওয়া গেছে। তবে গ্রেফতার হওয়া ওই লোক জানিয়েছে, এটি একটি অসতর্ক ভুল। সে নিজেকে বেসরকারি নিরাপত্তা গার্ড হিসেবে দাবি করে বলেছে , রাজধানীর কাছে তার কাজে যাওয়ার সময়ে সে পথ হারিয়ে ফেলেছে।
ক্ষমতা নিতে যাওয়া বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন হোয়াইট হাউসের নতুন সিনিয়র স্টাফের কাছে এক স্মারকে উল্লেখ করেন, নতুন নির্বাহী আদেশগুলো হবে মহামারি, ভঙ্গুর অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং আমেরিকার বর্ণবাদ সংক্রান্ত। ওই স্মারকে ক্লেইন উল্লেখ করেন, এ সকল সংকটের জন্যই জরুরি পদক্ষেপ প্রয়োজন।