যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩০ জুলাই) অঙ্গরাজ্যটির রাজধানী বোস্টনের কমনওয়েলথ অ্যাভিনিউ রেললাইনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্ট অথরিটি।
এক প্রত্যক্ষদর্শী সিএনএন’কে জানিয়েছেন, দুর্ঘটনায় কিছু যাত্রী ঘাড় এবং মাথায় আঘাত পেয়েছেন। বোস্টন অগ্নিনির্বাপণ দফতর বলছে, ব্যাবকক স্ট্রিটের কাছে বি ব্রাঞ্চে দুটি গ্রীন লাইন ট্রেনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বোস্টন অগ্নিনির্বাপণ দফতর জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হওয়া এই দুর্ঘটনার পর আহত ২৩ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের কারও শারীরিক অবস্থা আশঙ্কজনক নয়। পরে অবশ্য জানানো হয়, দুর্ঘটনায় আহত ২৫ জন চিকিৎসা নিয়েছেন।
টুইটারে দেওয়া এক বার্তায় ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্ট অথরিটি (এমবিটিএ) জানিয়েছে, আমরা এই ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এবং ভবিষ্যতে ফের এ ধরনের কোনো দুর্ঘটনা যেন না হয়, তা নিশ্চিত করতে আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি।
Leave a Reply