প্রাণঘাতি করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ এর সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর থেকে এ জরুরি অবস্থা কার্যকর হবে। বহাল থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত। নিউইয়র্ক গভর্নরের আদেশে স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোছুল বলেছেন, ওমিক্রন এখনো নিউইয়র্কে শনাক্ত হয়নি। তবে হাসপাতালে জরুরি প্রয়োজন নয় এমন এবং কম জরুরি পদ্ধতিগুলো সীমিত করতে একটি জরুরি নির্বাহী আদেশে সই করার সিদ্ধান্ত হয়েছে। এতে স্বল্পসময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সেবা সরবরাহের বিষয়টিও থাকছে।
নতুন শনাক্ত হওয়া ধরনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধরনটির সংক্রমণের ক্ষমতা এবং শারীরিক জটিলতা সৃষ্টির ক্ষেত্রে কোনো পরিবর্তন এনেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি করোনার প্রচলিত চিকিৎসা ও টিকার ওপর কোনো প্রভাব আসবে কি না, তা জানার চেষ্টা করা হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতিতে বলা হয়, বি.১.১.৫২৯ ধরনকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এটার নতুন নাম দেওয়া হয়েছে ‘ওমিক্রন’। প্রাথমিকভাবে হাতে আসা তথ্য বলছে, এই ধরনটির মাধ্যমে করোনার সংক্রমণ নতুন করে বিস্তারের ঝুঁকি রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ছাড়াও বসতোয়ানা, ইসরায়েল ও হংকংয়ে করোনার নতুন ধরনটির সন্ধান মিলেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ও বেলজিয়ামে এ ধরন শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, করোনার নতুন ধরন প্রথম শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। প্রাথমিকভাবে এটিকে বি.১.১.৫২৯ নামে ডাকা হচ্ছিল। ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Leave a Reply