ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটি সাময়িকভাবে যুক্তরাষ্ট্র পরিচালনা করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যত দিন না নিরাপদ, সঠিক ও বিচার-বিবেচনাসম্পন্ন রাজনৈতিক রূপান্তর সম্ভব হচ্ছে, তত দিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে। এ খবর দিয়েছে আল জাজিরা।
এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওই অভিযানে দেশটির দীর্ঘদিনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয় বলে জানান ট্রাম্প।
মাদুরো সরকারের বিরুদ্ধে কয়েক মাস ধরে চাপ প্রয়োগ করে আসছিল তার প্রশাসন। এর মধ্যে ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী জাহাজ জব্দ এবং ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারের অভিযোগে নৌযানে প্রাণঘাতী হামলার ঘটনাও রয়েছে, যা আন্তর্জাতিক মহলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে সমালোচিত হয়।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা বামপন্থি নেতা মাদুরোর মাদক চক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে মাদুরো বারবার দাবি করেছেন, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের দখল নিতে যুক্তরাষ্ট্র তার সরকার উৎখাতের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, খুব বড় বড় মার্কিন তেল কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করবে। তারা ভেঙে পড়া তেল অবকাঠামো মেরামত করবে এবং দেশটির জন্য আয় সৃষ্টি করবে। তিনি আরও দাবি করেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ভেনেজুয়েলার জনগণকে ধনী, স্বাধীন ও নিরাপদ করবে।
এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, মাদক সংশ্লিষ্ট অভিযোগের মুখোমুখি করতে মাদুরোকে আটক করা হয়েছে। ট্রাম্প আগেই জানান, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের হেফাজতে নিয়ে নিউইয়র্কে স্থানান্তর করা হচ্ছে, যেখানে তাদের বিরুদ্ধে অভিযোগের বিচার হবে।
Leave a Reply