শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১১

অস্ট্রেলিয়ায় বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে আজহারীর ভিসা বাতিল

অস্ট্রেলিয়ায় বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে আজহারীর ভিসা বাতিল

ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ দেওয়ার কথা উল্লেখ করে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের প্রশংসা করাসহ চরমপন্থি ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে জনপ্রিয় বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। অস্ট্রেলিয়াজুড়ে তার সফরের মাঝপথেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, আজহারীর বিরুদ্ধে এই উদ্বেগের কথা প্রথম প্রকাশ্যে আনে ডেইলি মেইল। অনলাইনে এক কোটিরও বেশি অনুসারী থাকা এই বাংলাদেশি বক্তা এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্বের প্রবাসী সম্প্রদায়গুলোর মধ্যে নিয়মিত বক্তব্য দেন।

অস্ট্রেলিয়ার ইস্টার উৎসবের অংশ হিসেবে ‘লিগেসি অব ফেইথ’ শীর্ষক সিরিজে অংশ নিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরায় তার সফরের কথা ছিল। জানা গেছে, গত মঙ্গলবার আজহারীর ভিসা বাতিল করা হয়। বর্তমানে তিনি বিতাড়নের অপেক্ষায় রয়েছেন।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে আজহারী বেশ কিছু ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে তিনি হলোকাস্টের প্রশংসা করেন এবং ইহুদিদের ‘মানবেতর’ হিসেবে তুলে ধরে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, আজহারী হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি দাবি করেছেন, ‘ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ এবং তারা একটি ‘বিষাক্ত কলঙ্ক’। এমনকি এইডসের মতো রোগের জন্য ইহুদিদের দায়ী করে তিনি বলেন, তারাই এই রোগ উদ্ভাবন করেছে।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডানিয়াম বুধবার জানান, আজহারীর আগমনের বিষয়ে অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশসহ বিভিন্ন গোষ্ঠী সরকারকে আগে থেকেই সতর্ক করেছিল।

তিনি আলবানিজ সরকারের সমালোচনা করে বলেন, উগ্রবাদী কর্মকাণ্ড এবং ঘৃণ্য বক্তব্য ছড়ানোর আন্তর্জাতিক রেকর্ড থাকার পরও কীভাবে আজহারীকে ভিসা দেওয়া হলো, তা গভীর উদ্বেগের বিষয়।

অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ চলতি সপ্তাহের শুরুতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে আজহারীর বিষয়ে জরুরি হস্তক্ষেপের দাবি জানায়।

সংস্থাটি সতর্ক করে বলেছিল, আজহারীর বক্তব্য ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এবং চরমপন্থি প্রচারণাকে বৈধতা দিতে পারে।

আজহারীর এই সফর শুরু হয়েছিল গত সোমবার ব্রিসবেনে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় তার অনুষ্ঠানসূচি ছিল।

এই বিষয়ে মন্তব্যের জন্য সফর আয়োজক সংস্থা ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল-এর সঙ্গে ডেইলি মেইল যোগাযোগ করে মন্তব্য পায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026