রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৩

মাংস কাটায় হাতের যত্ন

মাংস কাটায় হাতের যত্ন

বিপাশা রায়: রান্নাঘরের পরিচ্ছন্নতায় কত কিছুই না করা হয়। তবে অনেক সময় আমরা সাধারণ কিছু বিষয় এড়িয়ে যাই। যেমন—মাংস কাটার পর হাত ধোয়া। মাংস কাটার সময় হাতে কিন্তু জীবাণু লেগে থাকতে পারে। আর তা থেকে হতে পারে নানা রোগের সংক্রমণ। তাই মাংস কাটাকুটি করে হাত ভালো করে ধোয়া খুব জরুরি।

এ ব্যাপারে পরামর্শ দিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (পরিপাকতন্ত্র বিভাগ) মো. এনামুল করিম। বাজারে এখন নানা ধরনের জীবাণুনাশক তরল সাবান পাওয়া যায়। সাবান দিয়ে হাত ধোয়ার পর সহনীয় গরম পানি ব্যবহারের পরামর্শ দিলেন তিনি। এতে হাতে লেগে থাকা জীবাণুগুলো মরে যাবে বলে জানালেন এই চিকিত্সক।

সম্ভব হলে মাংস কাটার সময় হাতে গ্লাভস ব্যবহার করুন। মাংস কাটতে গিয়ে অনেক সময় নখের ভেতর মাংস ঢুকে যায়। তাই নখের ভেতরটা পরিষ্কার করতে না পারলে তা থেকে কোনো সংক্রমণ দেখা দিতে পারে। নেইল কাটারের ভেতরই এখন নখ পরিষ্কারের সরঞ্জাম থাকে। হাত ধুয়ে নিয়ে নখ পরিষ্কারের সরঞ্জাম দিয়ে নখের ভেতরে লেগে থাকা মাংস বের করে নিতে হবে।

মাংস কাটাকুটির আগে হাতের নখগুলো ছোট রাখাই ভালো। শুধু মাংস কাটার পরই নয়, রান্নার আগেও কিছু সর্তকতা অবলম্বন করতে হবে। যেমন—অনেকে রান্না করার সময় হাত না ধুয়েই লবণ, হলুদ বা অন্যান্য মসলা রান্নায় দিয়ে দেন। এটা করা একেবারেই উচিত নয়। রান্নায় ব্যবহৃত অন্য উপাদানগুলো দেওয়ার আগেও হাত ভালো করে ধুয়ে-মুছে নিতে হবে।

অনেকেই মাংস কাটতে কাটতে চুলায় রান্না চাপান। তখন দেখা যায়, মাংস কাটার হাত দিয়ে রান্নার অন্য উপকরণগুলো ধরতে হয়। এতে মাংসের জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে। তাই মাংস কাটাকুটির সময় অন্য কোনো কাজে হাত না লাগানোই ভালো। দীর্ঘ সময় ধরে মাংস কাটাকুটির পর হাতে এর গন্ধ লেগে থাকে। এ সমস্যা দূর করতে হাতে সরিষার তেল লাগানোর পরামর্শ দিলেন রূপ-বিশেষজ্ঞ রাহিমা সুলতানা।

এতেও যদি গন্ধ দূর না হয়, তবে হাতে লেবু ঘষতে পারেন। এ ছাড়া দীর্ঘ সময় পানির সংস্পর্শে থাকায় অনেকের হাতের ত্বক কুঁচকে যায়। তাদের হাতে পেট্রোলিয়াম জেলি ব্যবহারের পরামর্শ দিলেন এই রূপ-বিশেষজ্ঞ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026