সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৮

মসুলে জয়ের আশাবাদে আইএস প্রধানের বিরল বার্তা

মসুলে জয়ের আশাবাদে আইএস প্রধানের বিরল বার্তা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরাকি বাহিনীর মসুল পুনরুদ্ধারে অভিযান শুরুর পর প্রথমবারের মতো কোনো বার্তা দিয়েছেন জঙ্গি সংগঠন আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদি।

ইরাকে এটিই আইএসের দখলে থাকা সর্বশেষ বড় কোনো শহর। আর এই শহরে ইরাকি বাহিনীর সঙ্গে যুদ্ধেও আইএস বিজয়ী হবে বলে জানান আল-বাগদাদি। মসুলে চলমান সংঘর্ষে পিছিয়ে না যাওয়ার আহ্বান জানান তিনি। শুধু তাই নয়, আইএস সদস্যদের তুরস্কে আগ্রাসনের আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার আইএস সমর্থকদের প্রকাশ করা একটি অডিও বার্তায় আল-বাগদাদির এসব কথা পাওয়া গেছে। এ খবর দিয়েছে আল জাজিরা ও সিএনএন।

খবরে বলা হয়, ৩১ মিনিটের ওই অডিও বার্তাটি অনলাইনে প্রচার করা হয়েছে আল-বাগদাদির বক্তব্য হিসেবেই। তবে আল জাজিরা বা সিএনএন কেউই স্বতন্ত্রভাবে এই অডিও বার্তা যাচাই করতে পারেনি। ওই অডিও বার্তায় বলা হয়, সম্মানের সঙ্গে নিজের ভূমি আঁকড়ে ধরে থাকাটা লজ্জাজনকভাবে পিছু হটার তুলনায় হাজার গুণ ভালো।

তিনি বলেন, ‘এখানকার এই সংঘর্ষ ও সামগ্রিক যুদ্ধ এবং আইএস এখন যে মহান জিহাদ চালিয়ে যাচ্ছে তা আল্লাহ চান তো আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করবে এবং আমাদের দৃঢ় প্রত্যয় যে এগুলো সবই জয়েরই ভূমিকা।’ ২০১৫ সালের শেষের দিকে আল-বাগদাদির একটি অডিও বার্তা প্রকাশ পায়। এরপর এই প্রথম তার কোনো অডিও বার্তা প্রকাশ পেলো।

এতে আরও বলা হয়, নিনেভেহকে (মসুল) ইসলামের অন্যতম একটি ঘাঁটি এবং খেলাফতের অধীনের একটি মিনার হিসেবে দেখতে পেয়ে আল্লাহ’র শত্রু ইহুদি, খৃস্টান, নাস্তিক, শিয়া, ধর্মত্যাগী এবং দুনিয়ার সব কাফেররা তাদের গণমাধ্যম, অর্থ, সামরিক বাহিনী ও গোলাবারুদকে মুসলিম ও জিহাদিদের বিরুদ্ধে নিয়োজিত করেছে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের শেরিফা জুহুর আল জাজিরাকে বলেন, এই অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে আল-বাগদাদি সব আইএস সদস্যকে মৃত্যুর পূর্ব পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন।

জুহুর বলেন, এটা শহীদ হওয়ার আহ্বান যাতে বলা হয়েছে, তুমি যদি কোনো জোটের বিরুদ্ধে পড়ে যাও তবে স্থির হয়ে দাঁড়াও এবং বলো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট।

অন্যদিকে, এটা এমন বিবৃতিও যাতে বলা হচ্ছে আইএস এখনকার মতো শারীরিক অস্তিত্ব হারিয়ে ফেলবে এবং ২০১০ সালে যেমন ছিল তেমন অবস্থায় পৌঁছাবে। আইএসের সঙ্গে সুন্নী বা অন্য যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের উদ্দেশ্যেই এটি একটি আহ্বান তার।

জুহুর জানান, নতুন অডিওটি গত ১০ দিনের মধ্যেই তৈরি করা হয়েছে। এতে ব্যবহৃত বিভিন্ন শব্দ মসুলে ইরাকি অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট বলেই এমন সিদ্ধান্তে পৌঁছেছেন জুহুর। এই অডিওতে আইএস সদস্য ও সমর্থকদের আক্রমণ চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন আল-বাগদাদি। পাশাপাশি এ-ও বলেছেন, তাদের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা মৃত্যুবরণ করলেও তাতে খেলাফতে তার কোনো প্রভাব পড়বে না




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026