সিলেটের বিশ্বনাথ থেকে অপহৃত ব্যবসায়ী ফয়জুল ইসলাম খানকে (৫৫) নগরীর একটি বেসরকারি ক্লিনিক থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাত পৌনে ৯টায় জিন্দাবাজার ইউনাইটেড পলি ক্লিনিকের নিচে থেকে তাকে উদ্ধার করে পুলিশ। সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে জানানো হয়, ওই হাসপাতালের নিচে গেলে তাকে পাওয়া যাবে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে ক্লিনিকের নিচ থেকে উদ্ধার করে। উদ্ধারের পর তিনি মানসিকভাবে কিছুটা বিমর্ষ ছিলেন। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি বলে জানান পুলিশ সুপার।
অপহৃত ফয়জুল ইসলাম খান বিশ্বনাথ বাজারের মেসার্স ফয়জুল ফার্নিচারের স্বত্ত্বাধিকারী। মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে তার ছেলে জয়নুল ইসলাম বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে সকাল ১১টার দিকে অপহৃতের মোবাইলসহ দু’টি মোবাইল ফোন থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।