সর্বশেষ আদমশুমারির তথ্য অনুযায়ী, দুই লাখের বেশি বাংলাদেশি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। তবে তাদের মধ্যে কতোজন উদ্যোক্তা ভিসায় সেখানে আছেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্যোক্তা ভিসায় যুক্তরাজ্যে বসবাসকারীদের অন্য চাকরি করার অনুমতি নেই। কিন্তু হোম অফিসের তদন্তে দেখা যায়, ভিসা পাওয়ার পর অনেকেই শর্ত ভেঙে স্বল্প বেতনের অদক্ষ কর্মী হিসাবে চাকরি করছেন। তাদের ট্যাক্স রেকর্ড পরীক্ষা করে ব্রিটিশ কর্মকর্তারা এর প্রমাণ পেয়েছেন। আর এ ধরনের আবেদনকারীদের বিনিয়োগের অর্থ দেখানোর জন্য একটি সংঘবদ্ধ চক্র ৫০ হাজার পাউন্ড পর্যন্ত ধার দিচ্ছে বলে অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন।
আগে বিদেশি শিক্ষার্থীরা ব্রিটেনে লেখাপড়া শেষ করে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার আবেদন করতে পারতেন এবং দুই বছর সেখানে বসবাসের সুযোগ পেতেন। কিন্তু এ সুযোগের অপব্যবহার বেড়ে যাওয়ায় সরকার ২০১২ সালে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা বন্ধ করে দেয়। এরপর থেকেই উদ্যোক্তা ভিসার আবেদন বেড়ে যায় বলে অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন।
যুক্তরাজ্যের অভিবাসন বিষয়ক মন্ত্রী জেমস ব্রোকেনশায়ার এক বিবৃতিতে বলেন, যারা ব্রিটেনে এসে লেখাপড়া শেষ করে বাস্তবিক অর্থেই উদ্যোক্ত হিসাবে ব্যবসা শুরু করতে আগ্রহী, কেবল তাদের জন্যই উদ্যোক্তা ভিসার সুযোগ রাখা হয়েছে। যুক্তরাজ্য সরকার এই ভিসা দেয় যাতে আবেদনকারীরা নিজেদের পাশাপাশি অন্য অনেকের জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে পারেন। কিন্তু এটা স্পষ্ট যে আবেদনকারীদের অধিকাংশই কেবল যুক্তরাজ্যে বসবাসের সময় দীর্ঘায়িত করতে জালিয়াতির মাধ্যমে এই ভিসা নিচ্ছেন।