আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কাতারের ইতিহাসে প্রথমবারের মতো ২ নারী সরাসরি জনগণের ভোটে কেন্দ্রীয় পৌর পরিষদের সদস্য নির্বাচিত হলেন। বৃহসপতিবার সরকারি কর্মকর্তারা এ ঘোষণা দেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। বুধবার অনুষ্ঠিত ২৯ সদস্যবিশিষ্ট এ পরিষদের নির্বাচনে শেখ জুফাইরি ও ফাতমা আল-কুয়ারি নামের ওই ২ নারী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন।
তবে এ কেন্দ্রীয় পৌর পরিষদের পরামর্শ দেয়ার ক্ষমতা থাকলেও, আইন প্রণয়নের কোন ক্ষমতা নেই। নির্বাচনী মহাপরিচালক মাজেদ ইব্রাহিম ওই দুই নারীর নির্বাচিত হবার খবর নিশ্চিত করেছেন। নির্বাচিত এক নারী সদস্য শেখ জুফাইরি বলেন, আমি প্রচলিত ধ্যানধারণা ভেঙেছি। যেহেতু দুই জন নারী পরিষদে যোগ দেবে, তাই এটি ভবিষ্যতে পরিষদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য অনুপ্রেরণাদায়ী এক পদক্ষেপ।
একই সঙ্গে অন্য যেসব নারী প্রতিদ্বন্দ্বিতা করেও জিততে পারেননি, তাদের হতাশ না হবার আহ্বান জানিয়েছে জুফাইরি। প্রতিদ্বন্দ্বিতা করেও নির্বাচিত না হওয়া নারীদের একজন ফাতমা ঘুজল। তিনি নারীদের জন্য পৌর পরিষদে বিশেষ কোটা চালুর দাবি জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনের ফলাফলের পর এটি নিশ্চিত হয়েছে যে, নারীদের জন্য কোটা এখন আরও জরুরি ও প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। তবে তিনি সব নারীর জন্যই এ কোটা প্রণয়নের পক্ষে নন। তার মতে, এ বিশেষ কোটা প্রযোজ্য হওয়া উচিত তাদের জন্য, যারা অভিজ্ঞ ও দায়িত্ব গ্রহণে সক্ষম।