শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ওমানে অবস্থিত বাংলাদেশ স্কুল মাসকাটের (বিএসএম) শিক্ষার্থীরা এডেক্সেল পরীক্ষাসমূহে অসামান্য ফলাফল করার গৌরব অর্জন করেছে। আইজিসিএসই, জিসিই ও আইএএল পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের মধ্যে ৬১ এ স্টার এবং আজিসিএসই’র ও-লেভেল পরীক্ষায় ৯৭ জন এ গ্রেড পেয়েছে। ও-লেভেলে গড় পাসের হার ৯৯ শতাংশ।
এর মধ্যে ৭৫ শতাংশ ছাত্র-ছাত্রী এ স্টার থেকে সি গ্রেড পেয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ওমান। সামষ্টিকভাবে, জিসিই এবং আইএএল এ লেভেল ও এএস লেভেলে একটি এ স্টার ও ৬৫টি এ গ্রেড অর্জন করেছে শিক্ষার্থীরা।
শাদ মোহাম্মদ তালহা তানভীর রহমান ও-লেভেলে সর্বোচ্চ ৫টি এ স্টার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে থাকা আমনা তারিক ৫টি এ স্টার ও একটি ১বি গ্রেড লাভ করেছে। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে দুই ছাত্রী সৈয়দা শারমিন আখতার ও মীম। তারা ৪টি করে এ স্টার ও দুটি এ গ্রেড পেয়েছে।
ওদিকে এএস লেভেলে আনাস জামান, গাবর নাগাত গাবর অবদুল হাকিম, উসমান রোজান ও খালফান নাসির হেমেদের প্রত্যেকে ৩টি করে এ গ্রেড পেয়েছে। এ লেভেল পরীক্ষায় ফাবিহা আকতার ভূঁইয়া ও নাইমা জাহান ২টি এ গ্রেড অর্জন করেছে।
পরীক্ষায় ভালো ফলাফল করতে পেরে আনিন্দত তালহা তানভীর। সে বলছিল, আমার ফলাফলে আমি সন্তুষ্ট। আমি কঠোর পরিশ্রম করেছি। কিন্তু, এটা আমার ব্যক্তিগত অর্জন নয়। এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমার শিক্ষক, যারা পথপ্রদর্শন করেছেন, তাদের কাছে আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমাকে সমর্থন ও সহযোগিতা দেয়ায় বিনয়ের সঙ্গে আমি আমার পরিবার ও স্কুল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। তাদের সমযোগিতা ছাড়া এ ফলাফল অর্জন সম্ভব ছিল না।
উচ্ছ্বসিত অন্য শিক্ষার্থীরাও একই অনুভূতি প্রকাশ করেছে এবং স্কুল কর্তৃপক্ষের কাছে তাদের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তালহার পিতা শাহ মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ স্কুল মাসকাটের একজন শিক্ষক। পুত্রের এ ফলাফলে তিনি খুশি। সকল সহকর্মী ও স্কুল প্রশাসনকে অসামান্য সাফল্যে তাদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়েছেন মিজানুর রহমান।
স্কুলের পিএইচডি ডিগ্রিধারী প্রিন্সিপাল এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ উল-আলম শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায়ের জন্য তাদের প্রশংসা করেছেন। শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রেখেছেন তিনি। স্কুল বোর্ডের সদস্যরাও ফলাফলে বেশ সন্তুষ্ট।
বোর্ডের চেয়ারম্যান ইফতেখারুল হাসান চৌধুরী শিক্ষার্থীদের অসামান্য সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানান ও ভূয়সী প্রশংসা করেন। শিক্ষকদেরকেও ধন্যবাদ জানান তিনি এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো করার উৎসাহ ও অনুপ্রেরণা দেয়ার ব্যাপারে অনুরোধ জানান।