শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সৌদি আরবের মক্কায় ঝড়ের তান্ডবে মসজিদ আল-হারামের উপর ক্রেন ভেঙে পড়ার ঘটনায় মক্কার মসজিদ আল হারামে ওই দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ১০৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আর ১৮৪ জন আহত হয়েছেন। মক্কার মসজিদ আল-হারাম-এ ক্রেন ভেঙে পড়ার ঘটনায় অন্তত ৪০ জন বাংলাদেশী আহত হয়েছেন।
আহত ৪০ বাংলাদেশিদের সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। তিনি জানিয়েছেন এই দুর্ঘটনায় কোনও বাংলাদেশি নিহত হবার খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে ৩ জনকে প্রথমে আইসিইউতে রাখা হলেও তারা এখন আশঙ্কামুক্ত আছেন। আগামী ২-৩ দিনের মধ্যে তারা হাসপাতল থেকে ছাড়া পেতে পারেন বলেও জানিয়েছেন তিনি। 
হতাহতদের মধ্যে পাকিস্তান ও ভারতের নাগরিকরা রয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে গোলাম মসীহ জানান, প্রবল ঝড়ের কারণেই মূলত ক্রেন ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে।উল্লেখ্য গত কয়েকদিন ধরে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে প্রচন্ড বালুঝড় বইছে।মসজিদ আল-হারাম-এ নামাজিদের সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাওয়ায় গত বছর সৌদি কর্তৃপক্ষ মসজিদ সম্প্রসারণের কাজ শুরু করে।শুক্রবারে যে ক্রেন মসজিদের ছাদ ভেঙ্গে পড়ে সেটা সম্প্রসারণের কাজে ব্যবহার করা হচ্ছিল।
শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মক্কার স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিশালাকারের ক্রেনটি নির্মাণকাজে ব্যবহৃত হচ্ছিল। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে মাগরিবের নামাজের আগে এ দুর্ঘটনা ঘটেছে।
[youtube id=”ZOcscJ6vHhQ” width=”600″ height=”350″]
দুর্ঘটনার সময় হারাম শরিফ মুসল্লিতে পরিপূর্ণ ছিল। তাঁদের অধিকাংশই হজ পালনের উদ্দেশে বিশ্বের নানা প্রান্ত থেকে সমবেত হওয়া মুসল্লি বলে ধারণা করা হচ্ছে। পবিত্র হজ শুরুর অল্প কয়েক দিন আগে এ দুর্ঘটনা ঘটল। বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের প্রধান জেনারেল সুলেইমান আল-আমর বলেন, হতাহত সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে আর কোনো হতাহত ব্যক্তি নেই।
[youtube id=”j0Q21yEZ3sw” width=”600″ height=”350″]
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হারাম শরিফের চতুর্থ তলায় আছড়ে পড়ে ক্রেনটি। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুর্ঘটনার পর অনেকের রক্তাক্ত দেহ হারাম শরিফের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে আছে। কারও কারও দেহ চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। ইউটিউবে পোস্ট করা এক ছবিতে দুর্ঘটনার পর আতঙ্কিত মুসল্লিদের কাউকে কাউকে কান্না ও ইতস্তত ছোটাছুটি করতে দেখা যায়।
পবিত্র মক্কা নগরের গ্র্যান্ড মসজিদের এই ছবিটি গত ১৪ জুলাই ওপর থেকে তোলা। ছবি: রয়টার্স
দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। গতকাল জুমার দিন হওয়ায় হারাম শরিফে মুসল্লিদের ভিড় স্বাভাবিকভাবেই অন্য দিনের তুলনায় বেশি ছিল। হজের উদ্দেশে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো হাজিও এরই মধ্যে উপস্থিত হয়েছেন সেখানে। অধিক সংখ্যক মুসল্লি যাতে পবিত্র হজ সম্পাদন করতে পারেন, এ জন্য হারাম শরিফ কমপ্লেক্সের আয়তন বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। নির্মাণকাজের জন্য হারাম শরিফের চারপাশে অনেক ক্রেন বসানো হয়েছে।
প্রসঙ্গত, মক্কার স্থানীয় সময় রাত ৭টার দিকে নির্মাণ কাজের জন্য রাখা একটি বড় মাপের ক্রেন মসজিদ আল-হারামের উপর ভেঙে পড়লে সেখানে অবস্থানরত ১০৭ জন মারা যায় এবং ২৩৮ জন আহত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় বিশাল ক্রেনের অংশ। গতকালের দুর্ঘটনার আগে ২০০৬ সালে হজের সময় পদদলিত হয়ে শতাধিক হাজির মৃত্যু ঘটে।
যে কোন ধরনের তথ্যর জন্য সৌদিতে বাংলাদেশ দূতাবাস 00 966 54 389 1481 নাম্বারে যোগাযোগ করা যাবে।