শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মারা গেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমভ। তাকে ভাবা হয় এশিয়ার সবচেয়ে কর্তৃত্ববাদী শাসকের একজন।
তবে তার মৃত্যুর খবর দিয়েছে তুরস্ক। উজবেকিস্তান থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করা হয়নি। এ খবর দিয়েছে বিবিসি।
একই খবরে বলা হয়, ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় ছিলেন কারিমভ (৭৮)। গত সপ্তাহে মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু সরকার শুধু বলেছে তিনি গুরুতর অসুস্থ। শুক্রবার তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম টেলিভিশনে সম্প্রচারিত একটি সভায় বলেন, কারিমভ মারা গেছেন। এদিকে উজবেক রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলগুলো বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার বন্ধ করে দিয়েছে।
বিবিসির খবরে বলা হয়, কারিমভের কোনো উত্তরসূরি নেই। দেশটিতে নেই কোনো আইনগত বিরোধী দল। গণমাধ্যমকে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করে রাষ্ট্র। জাতিসংঘের একটি প্রতিবেদনে দেশটিতে নির্যাতনের ব্যবহারকে ‘সিস্টেমেটিক’ আখ্যা দেয়। তবে কারিমভ তার কঠোর শাসন কৌশলের যৌক্তিকতা ব্যাখ্যা করতে টেনে নিয়ে আসতেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির ইসলামি জঙ্গিবাদের বিপদকে।
সরাসরি সম্প্রচারকৃত মন্ত্রিসভার একটি বৈঠকে গতকাল তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেন, উজবেক প্রেসিডেন্ট ইসলাম কারিমভ মৃত্যুবরণ করেছেন। তার প্রতি আল্লাহর দোয়া বর্ষিত হোক।
তবে ইলদিরিমের বক্তব্যের অনেক আগ থেকেই গুজব ছড়াতে থাকে যে কারিমভ ইতিমধ্যেই মারা গেছেন। ১৭ই আগস্টের পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
তুর্কি প্রধানমন্ত্রী ইলদিরিমের বক্তব্যের আগে একই দিন বার্তাসংস্থা রয়টার্স তিন কূটনৈতিক সূত্রের বরাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে।
রাশিয়া ভিত্তিক উজবেকিস্তানের একটি ভিন্নমতের ওয়েবসাইট ফারগানা জানায়, নিজের শহর সমরকন্দে তার শেষকৃত্যের প্রস্তুতি চলছে। সমরকন্দের বিমানবন্দর শনিবার বন্ধ করে দেয়া হয়েছে।