শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চাপে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
১৯৯৪ সালে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই মামলা করা হয়। ওই শিশুই বর্তমানে ৩৫ বছরের নারী। তিনিই এই মামলা করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্পের আইনজীবী। ট্রাম্পের আইনজীবী বলছেন, আমার মক্কেলকে ছোট করার চেষ্টা এটি।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানায়, মার্কিন ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা হয়েছে। আদালতের বিচারক রনি আব্রামস নিউইয়র্কের একটি আদালতে ১৬ ডিসেম্বর এ অভিযোগের শুনানির দিন ধার্য করেন। তিনি বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে উভয়পক্ষকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বানও জানিয়েছেন।