শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র।
আগামী ২০শে জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের পর তিনি প্রথম কি কি কাজ করবেন তার একটি পরিকল্পনা ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ করেছেন ট্রাম্প। এতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থকেই সবার আগে দেখা হবে। প্রথম দিনে তিনি ৬টি গুরুত্বপূর্ণ কাজ করবেন। তা হলো
এক. টিপিপি থেকে যুক্তরাষ্ট্রের পদ প্রত্যাহার করে নোটিস দেয়া।
দুই. যুক্তরাষ্ট্রে জ্বালানি উৎপাদন ক্ষেত্রের সব বাধা বাতিল করা।
তিন. ব্যবসায় নিয়ন্ত্রণ কমিয়ে আনা।
চার. সাইবার হামলা প্রতিরোধে একটি পরিকল্পনা তৈরি করা।
পাঁচ. ভিসা নিয়ে অনিয়ম তদন্ত করা। এ অনিয়মের মাধ্যমে মার্কিন নাগরিকরা কাজ হারাচ্ছেন।
ছয়. ওইসব ব্যক্তির বিরুদ্ধে ৫ বছর মেয়াদি নিষেধাজ্ঞা, যারা যুক্তরাষ্ট্রকে লবিস্ট সরকার হিসেবে রেখে যাচ্ছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়েছে টিপিপি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ মোট ১২টি। বিশ্ব অর্থনীতির শতকরা ৪০ ভাগ নিয়ন্ত্রণ করে এসব দেশ। তিনি ওই ভিডিও বার্তায় টিপিপি চুক্তি থেকে বের হয়ে আসার কথা বললেও নির্বাচনী প্রতিশ্রুতি ওবামাকেয়ার বাতিল করার প্রসঙ্গ উত্থাপন করেননি। মেক্সিকোর সঙ্গে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে দেয়ার নির্মাণের প্রসঙ্গেও কোনো কথা বলেননি। নির্বাচনী প্রচারণা চালানোর সময় কিন্তু তিনি এ দুটি ইস্যুতে গুরুত্ব দিয়েছিলেন। বলেছিলেন, ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি এ দুটি কাজ করবেন।
ওই ভিডিও বার্তায় ট্রাম্প ভিসা সংক্রান্ত দুর্নীতি বন্ধের কথা বলেছেন। বলেছেন, কয়লা উৎপাদনক্ষেত্রে কর্মসংস্থানে বাধা দূর করার কথা।
উল্লেখ্য, টিপিপি চুক্তিটি স্বাক্ষরিত হয় ২০১৫ সালে। এতে যুক্ত অন্যতম দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, মেক্সিকোর মতো দেশ। তবে চুক্তিটি এখনো অনুমোদন পায়নি। এ চুক্তির অন্যতম উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা ও প্রবৃদ্ধিতে সমুন্নত করা। তবে এর বিরোধিতাকারীরা বলেন, এ চুক্তিটির সমঝোতা চালানো হয়েছে গোপনে। এটা করা হয়েছে বড় বড় করপোরেশনের পক্ষে।
ওদিকে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণা সম্পর্কে সেনটার অন এশিয়া অ্যান্ড গ্লোবালাইজেশনের পরাগ খান্না বলেছেন, এটা বিস্ময়কর কিছু নয়। ট্রাম্পের বাণিজ্যিক নীতি এ চুক্তির অর্জনকে খর্ব করবে। এশিয়া ট্রেড সেন্টারের ডেবোরাহ এলমস বলেছেন, এটি অত্যন্ত হতাশাজনক খবর। এর অর্থ হলো এ ধরনের বাণিজ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব শেষ। আর এটা করে মূল চাবিকাঠি তুলে দেয়া হচ্ছে এশিয়ার হাতে।
অর্থনীতিবিদ হারুমি তাগুচি বলেছেন, টিপিপি বাতিল হয়ে গেছে তাতে এশিয়ায় শূন্যতা সৃষ্টি হবে। সেই শূন্যতা পূরণের জন্য চীন এগিয়ে আসছে বলে ব্যাপক আলোচনা চলছে। ওদিকে পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নেতারা বৈঠক করেছেন এ সপ্তাহে। সেখানে ট্রাম্পের বিরোধিতা সত্ত্বেও তারা মুক্ত বাণিজ্য চুক্তি অব্যাহত রাখার পক্ষে কথা বলেছেন।
কিন্তু সোমবার জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে সতর্কতা উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি জড়িত না থাকে তাহলে টিপিপি হবে অর্থহীন। ওদিকে বিবিসির এশিয়ায় ব্যবসা সংক্রান্ত সাংবাদিক কারিশমা ভাস্বানী বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প টিপিপির মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছেন। এটা এশিয়ায় উদীয়মান অনেক দেশের জন্য একটি বড় আঘাত।
অন্য দেশগুলো এগিয়ে যেতে পারবে, তাদের নিজেদের মতো করে এ চুক্তি চালাতে পারবে। কিন্তু যুক্তরাষ্ট্রের বাজার সুবিধা না পেলে শেষ পর্যন্ত এর সুবিধা কি আসবে? এ চুক্তিতে সবচেয়ে বেশি সুবিধা পাবে ভিয়েতনাম ও মালয়েশিয়া। এরই মধ্যে তারা তাদের পণ্যের জন্য যুক্তরাষ্ট্রে বাজার সুবিধা অর্জন করেছে। তারা প্রত্যাশা করছিল, তাদের গুরুত্বপূর্ণ কিছু রপ্তানি পণ্যে শুল্ক শূন্যের কোটায় নামিয়ে আনতে।
ওদিকে আরসিইপি নামে অন্য একটি আঞ্চলিক চুক্তি নিয়ে সামনে এগিয়ে আসতে পারে চীন। এক্ষেত্রে চীনের উদ্যোগ কি একই রকম সুবিধা আনবে সবার জন্যÑ এ নিয়েও প্রশ্ন রয়েছে।
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে ট্রাম্প তার নতুন টিম গঠন নিয়ে ব্যস্ততায় কাটিয়েছেন। তিনি ওই ভিডিও বার্তায় তাদের সম্পর্কে বলেছেন, সত্যিকার অর্থে ‘গ্রেট’, মেধাবী পুরুষ ও নারীদের আনা হচ্ছে। তারা হবেন দেশপ্রেমিক। তাদের অনেকেই আমার সরকারের অংশ হবেন।