শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬

রাসায়নিক হামলার ফলে আসাদ সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টেছে ট্রাম্পের

রাসায়নিক হামলার ফলে আসাদ সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টেছে ট্রাম্পের

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইদলিব প্রদেশে ভয়াবহ রাসায়নিক হামলাকে মানবতার অপমান হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ওই হামলায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

ট্রাম্প বলেছেন, ওই হামলায় আসাদ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি পালটে গেছে। তার ভাষ্য, আমি বলবো যে, গতকাল (মঙ্গলবার) শিশুদের ওপর ওই হামলা আমার ওপর খুব বড় প্রভাব ফেলেছে। সিরিয়া ও আসাদ (প্রেসিডেন্ট বাশার আল আসাদ) সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি খুব বেশি পালটে গেছে। এ খবর দিয়েছে গার্ডিয়ান।

তবে সিরিয়ায় সহিংসতা বন্ধে আমেরিকার কোন নতুন কৌশল থাকবে কিনা, তা নিয়ে তেমন কথা বলেননি ট্রাম্প। জর্দানের বাদশাহ আবদুল্লার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন শেষে বুধবার আবারও ট্রাম্প তার পূর্বসূরী বারাক ওবামা প্রশাসনের সমালোচনা করেন।

তিনি বলেন, রেড লাইন এঁকে তা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে ওবামা প্রশাসন। ট্রাম্প বলেন, ওই ফাঁকা হুমকি’র ফলে শুধু সিরিয়ায় নয় বিশ্বের অনেক জায়গায় আমরা পিছিয়ে গেছি।

তবে ওবামা ও তার কর্মকর্তারা এ সমালোচনা মানতে রাজি নন। তারা বলছেন, সিরিয়ার মানববিধ্বংসী অস্ত্র অন্যত্র সরিয়ে নিতে ওবামা প্রশাসন রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছে। ওই চুক্তির ফলে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন পড়েনি।

ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় মঙ্গলবার ইদলিবের বিদ্রোহী অধ্যুষিত খান শেখুনে চালানো ওই রাসায়নিক হামলা চালিয়ে সিরিয়ার সরকার রেড লাইন অতিক্রম করে ফেলেছে কিনা। তিনি জবাবে বলেন, আমার জন্য ওই হামলা অনেক লাইন অতিক্রম করেছে।

আপনি যখন নিরীহ শিশু, বাচ্চা, ছোট বাচ্চাকে রাসায়নিক গ্যাস দিয়ে মারেন, সেটা রেড লাইন ছাড়িয়ে অনেক লাইন অতিক্রম করেছে। এই রাসায়নিক এত বিষাক্ত ছিল যে মানুষ গ্যাসের নাম শুনেই চমকে গেছে।

তবে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বলবো না আমি কোন পথে কিছু করছি। সামরিক বিষয়াদির ক্ষেত্রে আমি কী করতে যাচ্ছি, কোথায় করতে যাচ্ছি তা বলতে পছন্দ করি না।

প্রসঙ্গত, নিজের নির্বাচনী প্রচারাভিযান চলাকালে আইএস দমন বাদ দিয়ে সিরিয়া সরকার উৎখাতের ওপর জোর দেওয়ায় ওবামা প্রশাসনের সমালোচনা করেছিলেন ট্রাম্প। দৃশ্যত, তিনি এখন নিজেই স্বীকার করে নিলেন যে, আসাদ ও সিরিয়া সম্পর্কে তার ধারণা পাল্টেছে।

তবে সিরিয়া সরকার বলে আসছে, তারা রাসায়নিক হামলা চালায়নি। ইদলিবের ওই রাসায়নিক হামলায় শ্বাসকষ্টে শিশুদের মারা যাওয়ার বিভিন্ন ছবি ও ভিডিও গণমাধ্যমে এসেছে। এমনকি যে হাসপাতালে হতাহতদের চিকিৎসা হচ্ছিল, সেটির ওপরও পরে হামলা চালানো হয়!

এর ফলে প্রতিক্রিয়া হয়েছে বেশ তীব্র। সৌদি আরব সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন, এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহবান জানাবেন তিনি। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালে বলেছেন, রাশিয়া এই হামলার দায় এড়াতে পারে না। আর এই হামলাই প্রমাণ করে রাশিয়া, সিরিয়া ও ইরান শান্তির পক্ষে নয়।

এদিকে জাতিসংঘে এ সংক্রান্ত একটি ভোটাভুটি পিছিয়ে যাওয়ার পর নিকি হ্যালে সতর্ক করে দিয়ে বলেছেন, জাতিসংঘ এই রাসায়নিক হামলার প্রতিক্রিয়া দেখাতে সক্ষম না হলে, যুক্তরাষ্ট্র এককভাবে পদক্ষেপ নেবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026