শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরো একটি নির্বাহী আদেশ আটকে দিলেন সান ফ্রান্সিসকোর এক বিচারক।
প্রেসিডেন্ট ট্রাম্প স্যাংচুয়ারি সিটি বিষয়ক তহবিলে অর্থায়ন বন্ধ রাখার জন্য একটি নির্বাহী আদেশ দিয়েছিলেন। আদালতে সেই আদেশ চ্যালেঞ্জ করা হয় সান ফ্রান্সিসকো ও সান্তা ক্লারা কাউন্টিতে। শুনানি শেষে ডিস্ট্রিক্ট জজ তৃতীয় উইলিয়াম ওরিক সেই আদেশকে আটকে দিলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় এমন কিছু শহর আছে যেখানে অবস্থানকারী অবৈধ নাগরিকদের সহায়তা করতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ সীমিত আকারে মানে বা সহযোগিতা করে। এসব শহরকে বলা হয় স্যাংচুয়ারি সিটি। এসব শহরে কেন্দ্রীয় সরকার যে আর্থিক সহযোগিতা দেয় তা বাতিলের জন্য বা প্রত্যাহারের জন্য ট্রাম্প একটি নির্বাহী আদেশ দেন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।
এতে বলা হয়, রায়ে বিচারক বলেছেন, নির্বাহী আদেশে পরিষ্কার বলা হয়েছে, আইন প্রয়োগকারীরা যতটা বলেছেন তার চেয়ে অনেক বেশি অর্থায়ন বাতিল করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, স্যাংচুয়ারি সিটিগুলো সাধারণত স্থানীয় বা নিজেদের অর্থ দিয়ে কেন্দ্রীয় অভিবাসন বিষয়ক সিন্ধান্ত বাস্তবায়ন করে না বা করতে রাজি নয়।
ফলে আদালত এক্ষেত্রে হস্তক্ষেপ করায় প্রেসিডেন্ট ট্রাম্প আরেকধাপ পিছিয়ে গেলেন। এর আগে তার অভিবাসন বিরোধী নির্বাহী আদেশ আটকে দেয় আদালত। তিনি প্রথমে সাতটি মুসলিম প্রধান দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন। আদালত তা আটকে দিলে তিনি নতুন করে ৬টি দেশের বিরুদ্ধে ওই একই নির্দেশ জারি করেন।
এক্ষেত্রে বাদ রাখেন ইরাককে। তার ক্ষমতা গ্রহণের ১০০তম দিন পূর্ণ হচ্ছে আগামী ২৯শে এপ্রিল। তার আগে তিনি যখন বড় সফলতা দেখানোর চেষ্টা করছেন তখন আদালত তার স্যাংচুয়ারি সিটি বিষয়ক আদেশ আটকে দিলো।