রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৪

শরণার্থী নিয়ে তিক্ততার পর বৈঠকে অন্যরকম ট্রাম্প-টার্নবুল

শরণার্থী নিয়ে তিক্ততার পর বৈঠকে অন্যরকম ট্রাম্প-টার্নবুল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে তার সম্পর্ক ‘দারুণ’। নিউ ইয়র্কে দু’ জনের সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি। ফেব্রয়ারিতে দু’ জনের তিক্ত ফোনালাপের পর তারা সাক্ষাৎ করলেন। এ খবর দিয়েছে বিবিসি।

বৈঠক শেষে ট্রাম্প তার অতিথিকে নিয়ে মন্তব্য করেন, আমরা মানিয়ে নিই ভালোভাবে। আমাদের একটা দারুন সম্পর্ক রয়েছে। আমি অস্ট্রেলিয়াকে ভালোবাসি, সবসময় বেসেছি। প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের পর এই প্রথমবারের মতো নিজের শহর নিউ ইয়র্কে গেছেন ট্রাম্প। তবে এরপরও নিস্তার মেলেনি প্রতিবাদ থেকে।

নিউ ইয়র্কেই দুই নেতার সাক্ষাৎ শেষে ট্রাম্প আরও বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্কের প্রতি পরস্পর অঙ্গীকার ব্যক্ত করেছেন। বৈঠকে তারা অর্থনৈতিক, বাণিজ্যগত, জাতীয় নিরাপত্তাগত সহযোগিতা এবং অভিবাসন ইস্যুতে আলাপ করেছেন।

মজার বিষয় হলো, হোয়াইট হাউজ কিংবা নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের বদলে তাদের বৈঠকস্থল ছিল মার্কিন রণতরী ইউএসএস ইন্ট্রেপিডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন এই বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরে জাপানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়।

উল্লেখ্য, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রারম্ভে দুই নেতার মধ্যে সম্পর্কে তিক্ততা আসে। তাদের প্রথম ফোনালাপেই ট্রাম্প অস্ট্রেলিয়ার বন্দিশিবির থেকে ১২০০ শরণার্থী গ্রহণে তার পূর্বসূরি বারাক ওবামার স্বাক্ষরিত একটি চুক্তি মানতে অস্বীকৃতি জানান।

এমনকি টার্নবুলের মুখের ওপরই ট্রাম্প বলে দেন, ওইদিন যতগুলো ফোনালাপ হয়েছে তার, সেগুলোর মধ্যে ওই ফোনালাপই সবচেয়ে খারাপ। এর আগে ট্রাম্প ওবামার ওই শরণার্থী চুক্তিকে ‘মূর্খতাপূর্ণ চুক্তি’ বলে আখ্যা দিয়েছিলেন।

অবশ্য, পরে যুক্তরাষ্ট্র জানায়, ওবামা প্রশাসনের করা ওই চুক্তি তারা মানবেন।

টার্নবুল ও ট্রাম্পের সরাসরি সাক্ষাতে ট্রাম্প এ ইস্যুতে বলেন, শরণার্থী ইস্যুটি অনেক আগেই ঠিক করা হয়েছে। তিনি দাবি করেন, তাদের ফোনালাপ নিয়ে মিডিয়ার সংবাদ ছিল কিছুটা ফেক নিউজ। তিনি পরে বলেন, আমরা কিছুটা খিটখিটে হয়েছিলাম, কিন্তু সেটা কোন সমস্যা নয়। ট্রাম্প আরও জানান, তিনি অস্ট্রেলিয়া সফরে যাবেন, যে দেশটি তার মতে বিশ্বের বুকে অন্যতম সুন্দর একটি স্থান।

অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রগুলোর একটি। দুই দেশের সেনারাই আফগানিস্তান ও ইরাক যুদ্ধে অংশ নেয়। দুই নেতার বৈঠকে উত্তর কোরিয়া ইস্যুটি আলোচিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পর্যবেক্ষকরা আরও বলছেন, ট্রাম্প প্রশাসনের আগে আমেরিকা নীতি নিয়ে উদ্বেগ আছে অস্ট্রেলিয়ার। এমনকি ট্রাম্প ক্ষমতায় বসে প্রথম পদক্ষেপ হিসেবে তার দেশকে আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় আংশীদারিত্ব চুক্তি থেকে সরিয়ে নেন। ১২ জাতির ওই বাণিজ্য চুক্তিতে অস্ট্রেলিয়াও ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026