শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফের আলোচনায় ফিরে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা।কিছুদিন বিরতির পর মার্কিন সময় সোমবার ডজনখানেক বিচারকের সামনে
অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ের সম্মুখীন হবে ট্রাম্পের সেই নিষেধাজ্ঞা।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে ফেডারেল বিচারকদের সামনে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। এ খবর দিয়েছে সিএনএন। খবরে বলা হয়, প্রায় দুইমাস আগে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একজন ফেডারেল বিচারক পুরো দেশজুড়ে স্থগিত ঘোষণা করেছিলেন ট্রাম্পের পুনরায় জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার মূল অংশটুকু।
ওই নিষেধাজ্ঞা মোতাবেক ৬টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে কোনো নাগরিক আমেরিকায় প্রবেশ করতে পারবে না। নিষেধাজ্ঞার স্থগিতাদেশ দেয়া বিচারক জানান, ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা সংবিধানবিরোধী, কারণ এতে মুসলিমদের প্রতি অন্যায্য আচরণ করা হয়েছে।
পরবর্তীতে বিচার মন্ত্রণালয় মার্চ মাসে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। আর এখন এই মামলার পরিণতি নির্ভর করছে বেশ ক’জন ফেডারেল বিচারকের হাতে। সাধারণত ডিস্ট্রিক্ট কোর্টের এমন আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য তিনজন বিচারক নির্ধারণ করা হতো এবং তাতে হেরে যাওয়া পক্ষ পরবর্তীতে ফুল কোর্টে পুনরায় শুনানির জন্য আবেদন করতে পারতো।
তবে এক্ষেত্রে ফোর্থ ইউএস সার্কিট কোর্ট অফ আপিলস সিদ্ধান্ত নিয়েছে যে এ আপিলের শুনানি ফুল কোর্টেই হওয়া উচিত।