সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২১

ট্রাম্পের নিষেধাজ্ঞা শিথিল করলো আদালত

ট্রাম্পের নিষেধাজ্ঞা শিথিল করলো আদালত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ছয়টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছেন দেশটির একটি আদালত।

হাওয়াই অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট জাজ ডেরিক ওয়াটসন এক আদেশে বলেছেন, প্রেসিডেন্টের নিষেধাজ্ঞার অধীনে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করেন এমন ব্যক্তিদের দাদা-দাদী/নানা-নানী ও অন্যান্য আত্মীয়স্বজনকে দেশটিতে প্রবেশে বাধা দেওয়া যাবে না। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, বিচারক ওয়াটসনের এই আদেশ প্রেসিডেন্টের কঠোর অভিবাসন নীতির ওপর আরেকটি আঘাত। বিচারক বলেছেন, সুপ্রিম কোর্টের আদেশকে খুব সংকীর্ণভাবে নিয়ে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সুপ্রিম কোর্ট গত মাসে ছয়টি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী ও পর্যটক প্রবেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আংশিকভাবে পুনর্বহাল করে। তার আগে যুক্তরাষ্ট্রজুড়ে বহু আদালত ওই নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছিলেন।

কিন্তু পুর্ণাঙ্গ শুনানির আগ পর্যন্ত আংশিকভাবে এই নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন সুপ্রিম কোর্ট। তবে একটি শর্তে যে, যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসরত ওই ছয়টি দেশের নাগরিকদের ঘনিষ্ঠ পারিবারিক আত্মীয়স্বজনকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিতে হবে।

কিন্তু ট্রাম্প প্রশাসন এই ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সংজ্ঞায় দাদা-দাদী (গ্রান্ডপ্যারেন্টস), নাতি-নাতনি, শ্যালক (ব্রাদার্স-ইন-ল’), শ্যালিকা (সিস্টার্স-ইন-ল’), চাচা (আংকেলস), চাচী (আন্টস), ভাগ্নে/ভাগ্নি (নেফিউ/নিস) ও কাজিনদের অন্তর্ভ’ক্ত করেনি। বিচারক ওয়াটসন সরকারের এমন সংকীর্ণ সংজ্ঞায়নের নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, ‘উদাহরণস্বরূপ, কাণ্ডজ্ঞান বলে যে ঘনিষ্ঠ পারিবারিক সদস্যদের মধ্যে দাদা-দাদীও (গ্রান্ডপ্যারেন্টস) থাকেন। নিশ্চয়ই, গ্রান্ডপ্যারেন্টসরা ঘনিষ্ঠ পারিবারিক সদস্যদের কেন্দ্রবিন্দু।’

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা এখনও সুপ্রিম কোর্টে বিবেচনাধীন রয়েছে। তার এই নিষেধাজ্ঞা মোতাবেক ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন থেকে লোকজন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

ট্রাম্পের দাবি, আমেরিকাকে নিরাপদ রাখা ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে এই নিষেধাজ্ঞা প্রয়োজন। তবে সমালোচকরা বলেন, এই নিষেধাজ্ঞায় মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026