মাঠে পৌনে ১ লাখের পাশাপাশি টিভি পর্দার সামনে বসে ব্রাজিল-২০১৪ এর সমাপনী অনুষ্ঠানের অংশ হন বিশ্বের নানা প্রান্তের কোটি কোটি মানুষ। আর্জেন্টিনা ও জার্মানির শিরোপা নির্ধারণী খেলার দেড় ঘণ্টা আগে শুরু হয়ে সমাপনী অনুষ্ঠান চলে প্রায় ২০ মিনিট। যে কাপের জন্য লড়াই, স্টেডিয়ামে ২৬ হাজার পুলিশের কড়া নজরদারিতে সমাপনী অনুষ্ঠানে তা মাঠে নিয়ে আসেন গেল বারের চ্যাম্পিয়ন স্পেনের ফুটবলার কার্লোস পুয়োল ও ব্রাজিলের তারকা মডেল গিজেল বুন্দশেন।
মারাকানায় শেষ খেলার লক্ষ্য নিয়ে সেদিন মাঠে নেমেছিল ব্রাজিল, ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের ঝলক তাদের আশাও যুগিয়েছিল, কিন্তু স্বাগতিক হিসেবে ১৯৫০ সালের মতো হতাশাই সঙ্গী হয়েছে শেষে। সেমিফাইনালে জার্মানির সঙ্গে শোচনীয় হারে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ স্বপ্ন তিরোহিত হওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী খেলায় তাই পেলের দেশের এক তরুণীর হাতে প্ল্যাকার্ড ছিল- বেস্ট ওয়ার্ল্ড কাপ হোস্ট এভার। ষষ্ঠ শিরোপাস্বপ্ন ধুলোয় মিলিয়ে গেলেও ৬৪ বছর পর বিশ্বকাপের আয়োজন করতে এসে কোনো ঘাটতি রাখেনি ফুটবলের দেশ হিসেবে সারাবিশ্বে পরিচিত ব্রাজিল।
উদ্বোধনী অনুষ্ঠানে জেনিফার লোপেজের কণ্ঠে ওলে ওলা (উই আর ওয়ান) আসর মাতালেও অনেকেরই মনে হচ্ছিল- কী জানি কী নেই! না থাকা সেই শাকিরা এলেন সমাপনী অনুষ্ঠানে, এবার বিশ্বকাপ নিয়ে তার ‘লা লা লা’ গান নিয়ে। লাল পোশাকে এই স্বর্ণকেশী যখন ছন্দ তুলছিলেন, তখন যেন সুরতরঙ্গে জেগে উঠল পুরো স্টেডিয়াম।
কলম্বিয়ার বিশ্বখ্যাত এই গায়িকার সঙ্গে বিশ্বকাপের সম্পর্ক অনেক দিনের। ২০০৬ সালের জার্মান বিশ্বকাপে মাতানোর চার বছর পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং ওয়াকা ওয়াকা এ সুর ওঠে তার কণ্ঠেই। ব্রাজিল বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানে না থাকলেও তার ‘লা লা লা’ বিশ্বে জনপ্রিয়তায় ছাড়িয়ে যায় অফিসিয়াল থিম সং ‘ওলে ওলা’কেও। শেষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের লাতিন আমেরিকায় আয়োজনের ষোলকলা পূর্ণ করে যান।
শ্রোতা-দর্শকরা তার বিশ্বকাপের গানটি খুব ভালোভাবে নিয়েছে বলেও খুশি শাকিরাও। এই বছর ব্রাজিলে ফিফা বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে গাইতে পারার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। শ্রোতারা এই গানটি বিপুল সমর্থন দিয়েছে। তাদের জন্য এটি পরিবেশনের জন্য আমার তর সইছে না, মারাকানায় আসার আগেই বলেছিলেন তিনি। লা লা লা (ব্রাজিল ২০১৪) গানের মিউজিক ভিডিওর পুরোটাজুড়েই আছে ফুটবল, আছে মেসি ও নেইমারের উচ্ছ্বাস। আর শাকিরার ছেলের বাবা বার্সা ডিফেন্ডার জেরার্দ পিকে তো আছেনই।