শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের মতো যুক্তরাষ্ট্রেও শনিবার উদযাপিত হয়েছে ঈদুল আজহা। বাংলাদেশে ঈদ হবে সোমবার। বিশ্ব ব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অর্থমন্ত্রী মুহিত ঈদ করেছেন নিউ ইয়র্কে তার স্বজনদের সঙ্গে। তার ছোটভাই জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেনের আবাস নিউ ইয়র্কে। মুহিত ভাইয়ের বাসায়ই প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
কয়েকদিন আগে হজ নিয়ে মন্তব্যের জন্য মন্ত্রিত্ব হারাতে বসা আবদুল লতিফ সিদ্দিকী নিউ ইয়র্কেই রয়েছেন। তবে প্রকাশ্য কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ নিয়ে বক্তব্য দিয়ে সমালোচনার মধ্যে থাকা লতিফ সিদ্দিকী মেক্সিকো থেকে পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরেছেন।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ঈদ করেছেন ওয়াশিংটনে নিজ নিজ স্বজনদের সঙ্গে।
বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সপরিবারে ঈদ করছেন নিউ ইয়র্কে। চিকিৎসার জন্য কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। খোকা প্রবাসীদের সঙ্গে ঈদ জামাতে অংশ নেন এবং কোলাকুলি করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ঈদ করছেন মিশিগানে তার মেয়ে ও জামাতার সঙ্গে। বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক এম এ সালাম ঈদ করেন আটলান্টায় তার ছেলের সঙ্গে।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ঈদ করেছেন ভার্জিনিয়ায় স্ত্রী-সন্তানকে নিয়ে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ম্যারিল্যান্ডে থাকলেও ঈদ করেছেন ওয়াশিংটনে। ওয়াশিংটনে ঈদের জামাতে দেখা গেছে তাকে।
সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ সস্ত্রীক ঈদ করছেন ফ্লোরিডায় তাদের ছেলের সঙ্গে।
নিউ ইয়র্কে ভোর থেকেই বৃষ্টি হওয়ায় খোলা মাঠে ঈদের নামাজ হয়নি, মসজিদের ভেতরেই হয়েছে ঈদ জামাত। তবে জর্জিয়া, ফ্লোরিডা, মিশিগান, ক্যালিফোর্নিয়া, পেনসিলভেনিয়া, ম্যাসেচুসেটস, ওহাইয়ো, আরিজোনা, টেক্সাস অঞ্চলের ঈদ জামাত খোলা ময়দানে অনুষ্ঠিত হয়।
মুসলিম সম্প্রদায়ের জাতীয়ভিত্তিক সংগঠন ‘কাউন্সিল অন আমেরিকান রিলেশন্স’ এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৮০ ভাগ মসজিদেই ৪ অক্টোবর ঈদ জামাত অনুষ্ঠিত হয়। অবশিষ্ট মসজিদের ব্যবস্থাপনায় ঈদ জামাত হবে ৫ অক্টোবর রোববার। এবারও প্রবাসীরা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট কোরবানি দিচ্ছেন। মুসলিমপ্রধান কয়েকটি এলাকায় বাংলাদেশের মতোই কোরবানির পর মাংস ভাগাভাগি করতে দেখা যায়।
নিউ ইয়র্ক, নিউ জার্সিতে পশু খামারে গিয়ে পছন্দের গরু-খাসি-ভেড়া-দুম্বা কেনার পর সেখানেই কোরবানি দিয়েছেন অনেকে। আবার অনেকে বাংলাদেশি গ্রোসারি স্টোরের মাধ্যমে কোরবানি দেন। এসব গ্রোসারির মালিকরা পশু খামারে গিয়ে কোরবানির পর মাংস পৌঁছে দেন যার যার বাসায়।