শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বারাক ওবামা। ফাইল ছবি যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্কার নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে রিপাবলিকানদের সংঘাত শুরু হয়েছে। মধ্যবর্তী নির্বাচনের পর গত শুক্রবার ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের নিয়ে বৈঠক করেন ওবামা।
হোয়াইট হাউসে ওই বৈঠকে প্রেসিডেন্ট তাঁর নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে অভিবাসন সমস্যা সমাধানের কথা বলেছেন। কিন্তু বৈঠকের পর এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি লড়াই শুরু হয়েছে। প্রতিনিধি পরিষদের স্পিকার ও নবনির্বাচিত রিপাবলিকান আইনপ্রণেতারা ওবামার মনোভাবের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন।
রিপাবলিকান আইনপ্রণেতাদের সতর্ক করে বলা হয়েছে, নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন সমস্যা সমাধানের উদ্যোগ বিভেদকে আরও উসকে দেবে। ওবামার পক্ষ থেকেও পাল্টা জবাবে বলা হয়েছে, আগের প্রেসিডেন্টরাও নির্বাহী আদেশ দিয়ে এমন অনেক সমস্যার সমাধান করেছেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রেসিডেন্টের নির্বাহী আদেশে অভিবাসন সমস্যা সমাধানের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। সমন্বিত অভিবাসন সংস্কার আইন প্রণয়নে কংগ্রেস ব্যর্থ হয়েছে। এতে ওবামা তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন সমস্যা সমাধানে এগিয়ে যাবেন। হোয়াইট হাউসের বক্তব্যের পর স্পিকার জন বোয়েনারের দপ্তর থেকে পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, একক উদ্যোগে প্রেসিডেন্টের নির্বাহী আদেশে অবৈধদের সাধারণ ক্ষমা প্রদানের উদ্যোগ সমন্বিত সংস্কার আইন প্রণয়নকে বাধাগ্রস্ত করবে।
টেক্সাস থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর জন করনিন বলেন, মধ্যবর্তী নির্বাচনে জনগণের দেওয়া বার্তাকে এড়িয়ে কংগ্রেসকে পাশ কাটানোর যে উদ্যোগ প্রেসিডেন্ট নিয়েছেন তা দুঃখজনক। তিনি বলেন, পর্যায়ক্রমে অভিবাসন আইন সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য সীমান্ত সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে অভিবাসন সমস্যার সমাধানে কংগ্রেস উদ্যোগ নেবে বলে তিনি জানান।
প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলের নেতা ন্যান্সি পেলোসি হোয়াইট হাউসে সভার পরপরই রিপাবলিকানদের দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন। পোলেসি বলেন, অভিবাসন সংস্কারের জন্য প্রেসিডেন্ট নির্বাহী আদেশ দেওয়ার ক্ষমতা রাখেন। প্রথা অনুযায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর মত প্রয়োগ করে অভিবাসন সমস্যার সমাধান করতেই পারেন।
বৈঠকে দুই দলের ১৩ জন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে সিরিয়া ও ইরাকে জঙ্গি দমনে দুই পক্ষের মধ্যে কিছুটা মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে। অভিবাসন সংস্কার নিয়ে মতপার্থক্য তীব্র হওয়ার মধ্য দিয়ে আইনপ্রণেতারা হোয়াইট হাউস ত্যাগ করেন। সংবাদমাধ্যমের সঙ্গেও তাঁরা এ নিয়ে কোনো কথা বলেননি।