শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৮

ওবামার ঘোষণা: যুক্তরাষ্ট্রে বৈধতা পাচ্ছেন ৫০ লাখ অভিবাসী

ওবামার ঘোষণা: যুক্তরাষ্ট্রে বৈধতা পাচ্ছেন ৫০ লাখ অভিবাসী

প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের বেশি সময় ধরে থাকা প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসীর কাজের বৈধতার ঘোষণা দেওয়ার সময় উচ্ছ্বাস প্রকাশ করেন অভিবাসীরা। ছবিটি বৃহস্পতিবার নিউইয়র্ক থেকে তোলা। ছবি: এএফপিপ্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের বেশি সময় ধরে থাকা প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসীর কাজের বৈধতার ঘোষণা দেওয়ার সময় উচ্ছ্বাস প্রকাশ করেন অভিবাসীরা। ছবিটি বৃহস্পতিবার নিউইয়র্ক থেকে তোলা। ছবি: এএফপি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে এবার কাজের বৈধতা পাচ্ছেন পাঁচ বছরের বেশি সময় ধরে থাকা প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন গণমাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাহী পদক্ষেপের এই ঘোষণা দেন।

উচ্চ ডিগ্রিধারী ও দক্ষ প্রযুক্তি-কর্মীদের জন্য বৈধতার এ সুযোগ সম্প্রসারিত করা হয়েছে। ওবামার নির্বাহী আদেশের সুযোগ গ্রহণকারীদের আবেদনের মাধ্যমে নিবন্ধন করতে হবে এবং তাঁদের কর দিতে হবে। যুক্তরাষ্ট্রে তাঁরা সহজে চলাচল করতে পারবেন। গাড়ি চালানোর লাইসেন্স ও ব্যাংক হিসাব খোলাসহ ন্যূনতম সুবিধাগুলো তাঁদের জন্য সম্প্রসারিত হবে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ওবামা বলেন, তাঁর এ নির্বাহী পদক্ষেপ অবৈধ ব্যক্তিদের প্রতি কোনো সাধারণ ক্ষমা নয়। সম্প্রতি যাঁরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে অবৈধভাবে বাস করছেন, তাঁরা এ সুবিধা পাবেন না। ভবিষ্যতে যাঁরা অভিবাসন আইন লঙ্ঘন করবেন, তাঁদের জন্য এ ঘোষণা কার্যকর নয়। যেসব অবৈধ অভিবাসীর নামে মামলা আছে ও দণ্ডিত অপরাধী, তাঁরা এ আদেশের কোনো সুবিধা নিতে পারবেন না। যাঁদের নামে বিতাড়নের আদেশ আছে, তাঁদের বিষয়েও ঘোষণায় কিছু বলা হয়নি।

ওবামা বলেন, এই পদক্ষেপ অভিবাসন-সমস্যার কোনো স্থায়ী সমাধান নয়। অভিবাসন আইনের ভয়ে যাঁরা তাড়িত, মজুরি ও কাজের ক্ষেত্রে যাঁরা বৈধতার কারণে বঞ্চনার শিকার হচ্ছেন, তাঁদের জন্য এ ঘোষণা সাময়িক সুবিধা দেবে।

যুক্তরাষ্ট্রে বৈধতা পাচ্ছেন ৫০ লাখ অভিবাসী

উভয় দলের আইনপ্রণেতাদের সমন্বিত অভিবাসন সংস্কার আইন প্রস্তাব গ্রহণের জন্য আহ্বান জানিয়ে ওবামা জানান, যে দিনটিতে আমি সমন্বিত অভিবাসন আইনে স্বাক্ষর করব, সেদিন থেকে এই নির্বাহী পদক্ষেপ অকার্যকর হবে।

অভিবাসন আইন নিয়ে কর্মরত যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী প্রথম আলোকে বলেন, ওবামার ঘোষণায় সুবিধাগ্রহণকারী বাংলাদেশির সংখ্যা ১০ হাজারের বেশি হবে না। অবৈধ অভিবাসনে আছেন—এমন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি এই আদেশের কোনো সুবিধা পাবেন না।

টেক্সাসপ্রবাসী সিলেটের সাইফুল হক, ১৮ বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। বৈধ কাগজপত্র না থাকায় এত দিন সঠিক মজুরির কাজ করতে পারেননি। ওবামার ঘোষণায় আপাতত বৈধভাবে ন্যায্য মজুরির কাজ পাবেন বলে তিনি খুশি। কংগ্রেসকে পাশ কাটিয়ে ওবামার এ ঘোষণায় যুক্তরাষ্ট্রে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অভিবাসী গোষ্ঠীগুলো ওবামার পদক্ষেপকে ইতিবাচক বলে উল্লেখ করেছে। অপরদিকে রিপাবলিকান ও রক্ষণশীলরা তাঁর এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

কংগ্রেসের স্পিকার রিপাবলিকান জন বয়েনার এক ভিডিও বার্তায় বলেন, ওবামা এর আগে বলেছিলেন তিনি কোনো রাজা বা সম্রাট নন। কিন্তু কংগ্রেসকে পাশ কাটিয়ে অভিবাসীদের জন্য সুবিধা দিয়ে তিনি রাজা-বাদশাহর মতো আচরণ করলেন। রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের মনোভাব এড়িয়ে যাওয়ার পরিণামে ওবামাকে একদিন অনুতপ্ত হতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026