শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৪

বিএনপির এক নেতার অতি উৎসাহ রহস্যজনক: ঢাকায় গিয়ে খোজ নেবেন নিউইর্য়কে সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী

বিএনপির এক নেতার অতি উৎসাহ রহস্যজনক: ঢাকায় গিয়ে খোজ নেবেন নিউইর্য়কে সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ঢাকায় বিদেশি হত্যাকাণ্ড নিয়ে বিএনপির এক নেতার অতিউৎসাহ রহস্যজনক মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলা গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ঢাকায় গিয়ে এ নেতার অতিউৎসাহের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি-জামায়াতকে জঙ্গিবাদী সংগঠন বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০ তম অধিবেশনে যোগ দেওয়া উপলক্ষে শেখ হাসিনা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। জাতিসংঘ বাংলাদেশ মিশনে এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নিউইয়র্কে তাঁর ব্যস্ত সময়ের কার্যক্রম তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সফররত পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ বেশ কয়েকজন মন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে আবদুল মোমেন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম আহসান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত নির্বাচনে না গিয়ে খুন-খারাবি শুরু করেছিল। এ ধারাবাহিকতা এখনো অব্যাহত রেখেছে। তিনি বলেন, সংসদীয় পদ্ধতিতে সংসদে দ্বিতীয় বৃহত্তম দলই হচ্ছে বিরোধী দল। বাংলাদেশে আরও একটি দল আছে যারা জঙ্গিবাদ সন্ত্রাসবাদে পা বাড়ায়। জ্বালাও পোড়াও করে তারা তাদের অস্তিত্ব জানান দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি জামায়াত জঙ্গিবাদী সংগঠন।

দেশে শরিয়া আইন প্রবর্তনের দাবি এবং ব্লগার হত্যা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সংবিধানে সব ধর্মের মর্যাদা নিশ্চিত করা আছে। যে ধর্ম মানে না, সে মানবে না। আল্লাহ, রসুল ও নবীকে নিয়ে কটাক্ষ গ্রহণযোগ্য হতে পারে না। দেশের ভাবমূর্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকে খেয়াল রেখে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আগাম নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁর ছেলে তারেক রহমানের বিচার সম্পন্ন হবে কি না এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিষয়টি আদালতের ওপর পুরোপুরি নির্ভর করছে।  শেখ হাসিনা বলেছেন, দেশে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। বর্তমান সরকারের মেয়াদ শেষে সাংবিধানিক ধারাবাহিকতায় পরবর্তী নির্বাচন হবে। আগাম নির্বাচন কেন? দেশের উন্নয়ন পছন্দ হচ্ছে না?—এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী এসব নিয়ে অন্যদের চিন্তা না করার কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, যারা নির্বাচনে না গিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, তারাই অপেক্ষা করছে দেশে অস্থিতিশীল কিছু ঘটুক। ঢাকায় ইতালির নাগরিক হত্যাকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে এমন হত্যাকাণ্ড অহরহ ঘটছে। এ নিয়ে তো কোনো রেড অ্যালার্ট জারি করা হয় না।

বাংলাদেশে আইএসের তৎপরতার কোনো তথ্য গোয়েন্দাদের কাছে নেই বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে বাংলাদেশে জঙ্গি তৎপরতা সম্পর্কে যে সংবাদ বেরিয়েছে, তা দেশের গোয়েন্দারা খতিয়ে দেখবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, হত্যা-খুনের রাজনীতিকে যারা প্রশ্রয় দিয়েছিল, তারাই এসবের সঙ্গে এখনো জড়িয়ে আছে। তবে বাংলাদেশ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে চীনের আগ্রহের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি জাতিসংঘের ব্যাপার। কোন দেশ থেকে কতজন শান্তিরক্ষী ডেকে পাঠাবে, তা জাতিসংঘই নির্ধারণ করবে। বাংলাদেশের শান্তিরক্ষীরা দ্রুত সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026