শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গণতান্ত্রিক নীতির প্রতি সম্মান নিশ্চিত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপিয় পালামেন্টের ডেলিগেশন ফর রিলেশন্স উইথ দ্য কান্ট্রিজ অব সাউথ এশিয়া’র চেয়ার জ্যাঁ ল্যাম্বার্ট।
একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত এ বিষয়েক ইউরোপীয় পার্লামেন্টের ইপি রেজুলেশন (২০১৫)তেও এরই মধ্যে একই কথা বলা হয়েছে। তিনি বাংলাদেশে সর্বশেষ দু’জন এলজিবিটি কর্ম হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। ২৭শে এপ্রিল এ বিষয়ে তিনি একটি বিবৃতি দিয়েছেন ব্রাসেলস থেকে।
তাতে তিনি বলেছেন, এই সহিংসতার নিন্দা জানিয়ে যেসব শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ করছে তাদেরকে আমরা উৎসাহিত করি ও স্বাগত জানাই।
জ্যাঁ ল্যাম্বার্ট বলেন, বাংলাদেশে চলমান হত্যাকান্ডে আমি গভীর উদ্বেগ ও নিন্দা জানাই। সর্বশেষ যে দু’জনকে হত্যা করা হয়েছে তারা এলজিবিটি কর্মী। তাদের একজন বাংলাদেশে প্রথম এলজিবিটি বিষয়ক ম্যাগাজিনের সম্পাদক।
গত বছর ফেব্রুয়ারি থেকে উগ্রপন্থিরা বেশ কিছু ধর্মনিরপেক্ষ, নাস্তিক লেখক ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন গ্রুপের সদস্যদের হত্যা করেছে। শুধু এ মাসে এলজিবিটি কর্মী বাদেও হত্যা করা হয়েছে আইনের একজন ছাত্র ও ইংরেজি ভাষার একজন প্রফেসরকে। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি।
বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশে সহিংস উগ্রপন্থার বিরুদ্ধে একত্রিত হওয়া উচিত সরকারি কর্তৃপক্ষ, রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজকে। এসব হত্যাকার ঘাতকদেরকে অবশ্যই দ্রুততার সঙ্গে বিচারের আওতায় আনতে হবে।