শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বোমা হামলা বা বোমা পেতে রাখার দায়ে সন্দেহভাজন আহমদ খান রাহামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
তার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাদের হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। হামলাকারী যে রাহামি সিএনএনে প্রচারিত ছবি দেখে তাকে সনাক্ত করেছে স্থানীয় এক বারের মালিক।
সিএনএন এর খবরে বলা হয়েছে, জোর অভিযান চালানোর পর সোমবার রাহামিকে গ্রেপ্তার করে পুলিশ। সে ২৮ বছর বয়সী একজন আফগান বংশোদ্ভূত। সোমবার নিউ জার্সির লিন্ডেনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সে।
এ জন্য আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যা চেষ্টা সহ তার বিরুদ্ধে ৫ দফা অভিযোগ আনা হয়েছে। এমন তথ্য দিয়েছে নিউ জার্সির ইউনিয়ন কাউন্টির প্রসিকিউটর গ্রেসি এইচ পার্ক। বলা হয়েছে, রাহামির বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখা ও বেআইনি কাজে তা ব্যবহার করার জন্য সেকেন্ড ডিগ্রি অভিযোগ আনা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, শনিবার নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানে ও নিউ জার্সির সি-সাইড পার্কে বোমা হামলা বা পেতে রাখার সঙ্গে সরাসরি সম্পৃক্ত রাহামি। নিউ জার্সিমে এলিজাবেথ এলাকায় রোববার রাতে যে পাইপ বোমা উদ্ধার করা হয়েছে তার সঙ্গেও সে যুক্ত বলে মনে করা হচ্ছে।
সোমবার নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন, এসব ঘটনা যে সন্ত্রাসী তা বিশ্বাস করার জন্য আমাদের কাছে কারণ আছে। তবে অনেকেই প্রশ্ন করছেন, এর সঙ্গে আর কে কে জড়িত।