বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৭

গণতন্ত্রের লড়াইয়ে এক জম্পেশ বিতর্ক অনুষ্ঠিত: কর্মসংস্থান, কর ও নিরাপত্তা নিয়ে আলোচনা

গণতন্ত্রের লড়াইয়ে এক জম্পেশ বিতর্ক অনুষ্ঠিত: কর্মসংস্থান, কর ও নিরাপত্তা নিয়ে আলোচনা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বের বৃহৎ গণতন্ত্রের জম্পেশ এক বিতর্ক হয়ে গেল। মুহুর্মূহু আক্রমণ, পাল্টা আক্রমণে একে অন্যকে ঘায়েল করলেন। ডায়াসে তখন মুখোমুখি ডেমোক্রেট হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এ দু’প্রার্থীর ফায়ার্স বা অগ্নিঝরা বিতর্ক প্রত্যক্ষ করল বিশ্ববাসী। এতে স্বভাবসুলভভাবে হিলারি ক্লিনটনকে আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বললেন, হিলারি ক্লিনটনের স্টামিনা বা টিকে থাকার মতো শক্তি নেই। তার অনেক অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সেগুলো ব্যাড এক্সপেরিয়েন্স। ব্যক্তিগত এ আক্রমণের উচিত জবাব দিয়ে দিলেন হিলারি ক্লিনটন। তিনি বললেন, ডনাল্ড নারীদের সম্মান দিতে জানেন না। তিনি নারীদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেন। এমন ব্যক্তির যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফ হওয়ার ‘টেম্পারামেন্ট’ বা মানসিক প্রস্তুতি থাকে না।

মুলত কর্মসংস্থান, ট্যাক্স, আয়কর রিটার্ন, ইমেইল কেলেঙ্কারি, পররাষ্ট্র নীতি সহ আরও কিছু বিষয় নিয়ে গতকাল (বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টায়) নিউ ইয়র্কের হফস্ট্রা ইউনিভার্সিটিতে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। বিশ্বের কোটি কোটি মানুষ টেলিভিশনে সরাসরি উপভোগ করেন এ বিতর্ক।

এতে হিলারি ক্লিনটন সারাক্ষণই নিজের ধৈর্য্যরে, রাজনৈতিক অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। ডনাল্ড ট্রাম্প যখন বক্তব্য রাখেন তখন তার মাঝে তিনি ফোঁড়ন কেটেছেন খুব সামান্যই। কিন্তু হিলারি যখন বক্তব্য রেখেছেন তখন প্রতিবারই বার বার তার বক্তব্যের মধ্যে তীর্যক বাক্য ছুড়ে দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। ইরাক আগ্রাসন, মধ্যপ্রাচ্য নীতির মাধ্যমে প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আইসিস বা আইএস সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেন ডনাল্ড ট্রাম্প।

কিন্তু তা অস্বীকার করেন হিলারি। তিনি বলেন, ইরাকে আগ্রাসন চালিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং সেই আগ্রাসনে ডনাল্ড ট্রাম্প সমর্থন দিয়েছিলেন। এ সময় ট্রাম্প রঙ বা মিথ্যা বলে বিষয়টি থেকে নিজেকে গুটিয়ে নেয়ার চেষ্টা করেন।

হিলারি ক্লিনটন জোর দিয়ে বলেন, ট্রাম্প যে ইরাক, লিবিয়া যুদ্ধে সমর্থন দিয়েছিলেন সে বিষয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে। মডারেটর লেস্টার হল্ট এক পর্যায়ে ট্রাম্পের প্রতি প্রশ্ন ছুড়ে মারেন। তিনি জানতে চান প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছেন। আপনি কি এটা সমর্থন করেন? এ প্রশ্নের সরাসরি কোন উত্তর না দেন নি ট্রাম্প। তিনি বিভিন্ন ভাবে ঘুরিয়ে বলতে থাকেন আইসিস সৃষ্টি করেছেন ওবামা ও হিলারি ক্লিনটন।

এক পর্যায়ে তিনি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিকে যেকোনো দেশের সঙ্গে সবচেয়ে বাজে চুক্তি বলে অভিহিত করেন। এক্ষেত্রে হিলারি ক্লিনটন বলেন, পারমাণবিক চুক্তি হয়েছে। ইরানের ওপর থেকে অনেকটা অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। জলসীমায় মার্কিন সেনাদের পাশাপাশি ইরানি সেনারা টহল দিচ্ছে। একটি গুলিও সেখানে ফোটে নি। কিন্তু ট্রাম্পের অধীনে এমনটা হতো না। সেখানে এতদিনে যুদ্ধ বেধে যেত।

কিন্তু ট্রাম্প তার বক্তব্যে ইরানের সঙ্গে এই সম্ভাব্য যুদ্ধের প্রসঙ্গ এড়িয়ে গেছেন। হিলারি ক্লিনটন জোর দিয়ে বলেন, আমি গণতন্ত্রকে সমর্থন করি। যুক্তরাষ্ট্রের এ নির্বাচন মার্কিনিদের জন্য। এটা আমার বা আমাদের জন্য নির্বাচন নয়। শুরুতে মডারেটর প্রশ্ন রাখেন যে, কর্মীদের পকেটে অর্থ যাবে এমন কর্মসংস্থান সৃষ্টিতে আপনাকে কেন বেশি পছন্দ করে নিতে হবে?

জবাবে হিলারি ক্লিনটন তার অবস্থান ব্যাখ্যা করেন। তিনি অধিক কর্মসংস্থানের কথা বলেন। মধ্য আয়ের মানুষের জন্য তিনি বেশি কাজ করার কথা বলেন। ট্রাম্প তার বক্তব্যে কর্মসংস্থান সৃষ্টির জন্য ট্যাক্স কমিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, অনেক কোম্পানি দেশ ছেড়ে যাচ্ছে। তাদেরকে থামাতে হবে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করা যাবে। সে জন্য কমিয়ে দেয়া হবে ট্যাক্স। কিন্তু এতদিনে কেন সেটা হয় নি?

এ বিষয়ে জানতে চান ট্রাম্প। এ সময় তিনি বলেন, এটা কি প্রেসিডেন্ট বারাক ওবামার ত্রুটি? তার তীর্যক প্রশ্নের জবাবে হিলারি বলে ওঠেনÑ ওয়াও, ওকে। এ সময় তিনি আলতো করে কাঁধ ঝাঁকান। বিতর্কে উঠে আসে মার্কিন সাইবার ঝুঁকির প্রসঙ্গ। এ সময় রাশিয়াসহ বিভিন্ন রাষ্ট্রীয় সম্পৃক্ততার অভিযোগ উত্থাপন করেন হিলারি।

তিনি বলতে চেষ্টা করেন যে, এসব সাইবার হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সরকার, সরকারি বিভিন্ন পর্যায়ের ব্যক্তি, ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি, এমনকি হিলারির ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। তার সঙ্গে ডনাল্ড ট্রাম্পের সম্পৃক্ততার খবর প্রকাশিত হয়েছে।

যে রাশিয়া মার্কিনি মূল্যবোধের ঘোর বিরোধী তার সঙ্গে ট্রাম্পের হাত মেলানোর অভিযোগ করেন হিলারি। এক পর্যায়ে মডারেটর ডনাল্ট ট্রাম্পের কাছে জানতে চানÑ আপনার পাশে দাঁড়ানো সুন্দরী, স্মার্ট প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী। তার বিষয়ে আপনার মূল্যায়ন কি?

জবাবে ডনাল্ড ট্রাম্প বলেন, তার তো কোন স্টামিনাই নেই। বাণিজ্য, সমঝোতা, সক্ষমতা কিছুই নেই তার। তার অনেক অভিজ্ঞতা আছে। কিন্তু সেগুলো সব বাজে অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী সম্পর্কে এমন মূল্যায়ন শুনে জ্বলে ওঠেন হিলারি।

তিনি বলেন, ট্রাম্প নারীদের সম্মান দিতে জানেন না। তিনি নারীদের দেখেন পিগস, ডগস হিসেবে। তিনি আফ্রিকান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ, মুসলিমদের বিরুদ্ধে বর্ণবাদী দৃষ্টিতে তাকান। তিনি তাদেরকে সম্মান দিতে জানেন না। এমনই এক বিতর্ক নিয়ে এখন মার্কিন মুলুক সহ সারাবিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ।

কারণ, এ বিতর্কের পর নির্বাচনের গতিপ্রকৃতি নির্ভর করবে। কে জনপ্রিয়তায় এগিয়ে যান, আর কে পিছিয়ে পড়েন তা জানতে আমাদেরকে আরও কিছুটা ধৈর্য্য ধরতে হবে।

কর্মসংস্থানের নিশ্চয়তা, কর আরোপ নিয়ে আলোচনা দিয়ে শুরু হয়েছে ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নির্বাচনী বিতর্ক। পাশাপাশি গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ইস্যু।

ট্রাম্পের মতে, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে আইন-শৃঙ্খলা নিশ্চিত করা প্রয়োজন।

অন্যদিকে হিলারি ক্লিনটন অপরাধসংক্রান্ত আইন সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টার দিকে নিউ ইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় প্রথম নির্বাচনী বিতর্ক। বিতর্ক সঞ্চালনা করেন লেস্টার হল্ট।

বিতর্কের শুরুতেই কর্মসংস্থান নিয়ে বর্তমান অবস্থার সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো গুটিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের লোকজন চাকরি পাচ্ছে না। দৃঢ় চীনা অর্থনীতি ধাক্কা দিচ্ছে মার্কিন অর্থনীতিতে। আর এ কারণেই প্রয়োজন কর কমিয়ে দেওয়া। কর হ্রাসের পক্ষে শুরু থেকেই যুক্তি তুলে ধরেন ট্রাম্প। তাঁর মতে, কর হ্রাসের ফলে বড় প্রতিষ্ঠানগুলো ব্যবসা করতে পারবে। অন্যরা ব্যবসার জন্য এগিয়ে আসবে। বর্তমান কর নীতিতে পুঁজিপতিরা উৎসাহী নয়।

অন্যদিকে হিলারি ক্লিনটন কর হ্রাসের বিপক্ষে যুক্তি তুলে ধরেন।

তিনি বলেন, আমি ধনীদের কর কমিয়ে দেওয়ার পক্ষে নই।

হিলারি বলেন, ছোট ব্যবসায়ীরা এগিয়ে আসুক। ধনীদের যথেষ্টই অর্জন আছে। তিনি বলেন, ট্রাম্প ভাগ্যবান। তিনি ধনীর ছেলে ছিলেন। বড় সম্পদ দিয়ে ব্যবসা শুরু করেন। আমার বাবা ছিলেন মধ্যবিত্ত পরিবারের সন্তান। জ্বালানি নিয়ে বর্তমান নীতির সমালোচনা করেন ট্রাম্প। অন্যদিকে সৌর শক্তি সম্ভাবনা নিয়ে যুক্তি তুলে ধরেন হিলারি।

বিতর্কে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন ট্রাম্প। তিনি জানান, গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন বিভিন্ন সংঘর্ষে। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক করার দাবি জানান তিনি। আর এ ক্ষেত্রে পুলিশের সদস্য বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।

অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলেন হিলারি। এ ক্ষেত্রে বিভিন্ন সংস্কার আনবেন বলে জানান তিনি। একই সঙ্গে বর্তমান অস্ত্র আইনে সংস্কার আনার কথা জানিয়েছেন।

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প নারীদের প্রতি বৈষম্যমূলক বিভিন্ন মন্তব্য করেন বলে জানান হিলারি। তিনি এসব মন্তব্য উপস্থাপনও করেন।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, বিতর্ক শুরু হওয়া পর্যন্ত জনমত জরিপে দেখা যায়, হিলারির পক্ষে ৪৬ শতাংশ ও ট্রাম্পের পক্ষে ৪৪ শতাংশ সমর্থন আছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026