লিঙ্কডইনকে টেক্কা দিতে ফেসবুকের আলাদা একটি সংস্করণ তৈরিতে কাজ করছেন মার্ক জাকারবার্গঅফিসে জনসম্মুখে ফেসবুক বন্ধ! চিন্তায় পড়েছেন? শিগগিরই আপনার এ দুশ্চিন্তা কাটতে যাচ্ছে। অফিসের কর্মীদের জন্য আলাদা করে ফেসবুকের একটি সংস্করণ তৈরি করছে ফেসবুক কতৃর্পক্ষ, যা কাজের ক্ষেত্রে সহায়ক হবে। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক অ্যাট ওয়ার্ক নামের ফেসবুকের এই অফিস সংস্করণটি লিঙ্কডইনকে টেক্কা দেওয়ার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা করছেন মার্ক জাকারবার্গ। ফেসবুক-ঘনিষ্ঠ একটি সূত্র ফিন্যান্সিয়াল টাইমস-কে আজ সোমবার জানিয়েছে, গোপনে ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’ নামের সাইট তৈরিতে কাজ চালিয়ে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।
কী সুবিধা থাকবে ফেসবুকের অফিস সংস্করণে? ফেসবুকের নতুন এই সাইটটিতে সহকর্মীদের সঙ্গে চ্যাট করা, পেশাদার কর্মজীবীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং ডকুমেন্ট শেয়ার করার সুবিধা থাকবে।
সম্প্রতি ফেসবুকের প্রান্তিক আয় ঘোষণার সময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ফেসবুকে আরও বেশি পরিমাণ বিনিয়োগ করার কথা জানান। জাকারবার্গ বলেন, আমরা ভবিষ্যতের জন্য ক্ষেত্র প্রস্তুত করতে ফেসবুকে চরমভাবে বিনিয়োগ অব্যাহত রাখব। সবাইকে যুক্ত করে, এই বিশ্বকে বুঝে এবং পরবর্তী প্রজন্মের কম্পিউটিং প্ল্যাটফর্মের সুবিধা দিতে কাজ চালিয়ে যাব। জাকারবার্গ আরও বলেন, আমাদের এখনো দীর্ঘ পথ পাড়ি দেওয়ার বাকি।
২০০৪ সালে হার্ভার্ডের ডরমেটরিতে মার্ক জাকারবার্গের হাতে যাত্রা শুরুর পর এখন ফেসবুক ব্যবহারকারী ১৩৫ কোটিতে পৌঁছেছে।