শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবে আইএসের সঙ্গে জড়িত সন্দেহে ৪৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত কয়েক সপ্তাহে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা এ পর্যন্ত ছয়টি আত্মঘাতী হামলার চেষ্টা নস্যাৎ করেছে।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কাতিফ শহরে গত মে মাসে আইএসের হামলায় ২১ জন নিহতসহ বেশ কয়েকটি হামলার ঘটনায় জড়িত সন্দেহে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের বেশিরভাগই সৌদি নাগরিক। এ ছাড়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকও রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বাসাম আতিয়াহ জানান, গ্রেপ্তারদের মধ্যে ক্লাস্টার সেল (গুচ্ছ দল) এর অনেক সদস্য রয়েছে যারা আলাদাভাবে হামলা চালাতে সক্ষম। তারা সদস্য সংগ্রহ ও কার্যক্রম পরিচালনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আসছিল।